https://asia24.tv


ছবি: -প্রতিনিধি
সৌদি আরবের জিজান ও জুবাইল অঞ্চলের দুটি জ্বালানি স্থাপনায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। জুবাইল ইন্ডাস্ট্রিয়াল সিটির একটি গ্যাস স্থাপনায় হামলা হয়েছে বলে দাবি করেছে কয়েকটি আরব আঞ্চলিক সূত্র। তবে হামলার বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
আঞ্চলিক সূত্রের বরাতে জানা গেছে, জুবাইল এলাকায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে একটি গ্যাস স্থাপনায় আগুন ছড়িয়ে পড়ার খবর আসে। তবে বিস্ফোরণের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
অন্যদিকে, সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, জিজানে সৌদি আরামকোর একটি শোধনাগার-সংশ্লিষ্ট স্থাপনায় আগুন লেগেছে। তবে আগুনের কারণ জানায়নি মন্ত্রণালয়। তারা জানিয়েছে, এ ঘটনায় কেউ নিহত হননি।
এর আগে কয়েকটি আঞ্চলিক সূত্র দাবি করেছিল, জিজানে সৌদি আরামকোর স্থাপনাগুলো হামলার লক্ষ্যবস্তু হয়েছিল। তবে জিজানের অগ্নিকাণ্ডের সঙ্গে জুবাইলে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সূত্র: আনাদোলু এজেন্সি


