গাজীপুরের টঙ্গীতে কাভার্ডভ্যানের চাপায় এক শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে এবং ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এতে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
রোববার (৯ আগস্ট) সকাল ১১টার দিকে গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় কয়েক হাজার শিক্ষার্থী মহাসড়কে অবস্থান নেন। এ সময় সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে।
শিক্ষার্থীরা জানান, শনিবার সন্ধ্যায় গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি কাভার্ডভ্যানের চাপায় তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ইয়াসীন আরাফাত নিহত হয়। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে যায়।
এ ঘটনার প্রতিবাদে রোববার সকালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় ব্যানার ও বিভিন্ন স্লোগান দিয়ে মাদ্রাসার সামনে দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানান তারা।
শিক্ষার্থীরা বলেন, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার কয়েক হাজার শিক্ষার্থী প্রতিদিন ঝুঁকি নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপার হন। দীর্ঘদিন ধরে এখানে একটি ফুটওভার ব্রিজের প্রয়োজন থাকলেও তা নির্মাণ করা হয়নি। শনিবার সড়ক পার হতে গিয়ে এক শিক্ষার্থীর প্রাণ গেছে। আর কোনো প্রাণহানি ঠেকাতে দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণ করতে হবে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলা হচ্ছে। তারা এখনো মহাসড়কে অবস্থান করছেন। সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের খবর দেওয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
শিক্ষার্থীদের অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।





মন্তব্য করুন