ঢাকা
১০ আগস্ট ২০২৬
Advertise with us

লঞ্চে সাধারণ যাত্রীদের সঙ্গে আড্ডায় মার্কিন রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ০৯ আগস্ট ২০২৬   ৮ বার পঠিত
লঞ্চে সাধারণ যাত্রীদের সঙ্গে আড্ডায় মার্কিন রাষ্ট্রদূত

ছবি: -সংগৃহীত

নদীর বুকে লঞ্চ, চারপাশে বিস্তীর্ণ জলরাশি। এরই মধ্যে সাধারণ যাত্রীদের সঙ্গে গল্প-আড্ডা, দেশীয় খাবার খাওয়া আর চায়ের কাপে চুমুক—এভাবেই নদীপথে বরিশাল সফর উপভোগ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন।

রোববার (৯ আগস্ট) ঢাকা থেকে নদীপথে লঞ্চে করে বরিশালে যান মার্কিন রাষ্ট্রদূত। যাত্রাপথে লঞ্চের বিভিন্ন অংশ ঘুরে দেখার পাশাপাশি সাধারণ যাত্রীদের সঙ্গে সময় কাটান তিনি। এ সময় যাত্রীদের সঙ্গে কথা বলার পাশাপাশি ছবি তোলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, লঞ্চের খাবার কক্ষে বসে দেশীয় খাবার খাচ্ছেন ক্রিস্টেনসেন। তার টেবিলে ছিল ভাত, মাছ, সবজি ও অন্যান্য খাবার। সঙ্গে থাকা বিদেশি অতিথিরাও তার সঙ্গে খাবার খান।

অন্য একটি ছবিতে লঞ্চের চায়ের দোকানে দাঁড়িয়ে চা পান করতে দেখা যায় তাকে। এ সময় দোকানের কর্মী ও যাত্রীদের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত।

লঞ্চের ভেতরে সাধারণ যাত্রীদের সঙ্গেও সময় কাটান তিনি। যাত্রীদের অনেকে মেঝেতে বিছানা পেতে অবস্থান করছিলেন। তাদের পাশেই বসে হাসিমুখে ছবি তুলতে দেখা যায় ক্রিস্টেনসেনকে।

লঞ্চের ডেক থেকে নদীর বিস্তীর্ণ জলরাশি, দূরের জনপদ ও প্রকৃতির সৌন্দর্যও উপভোগ করেন তিনি।

নিজের অভিজ্ঞতা জানিয়ে ক্রিস্টেনসেন বলেন, ‘নদীপথে লঞ্চে করে অপরূপ জলপথের এই জনপদ ঘুরে দেখছি। বরিশালে এসে ভালো লাগছে।’

বরিশালে পৌঁছে রোববারের কর্মসূচির অংশ হিসেবে ভিমরুলি ভাসমান পেয়ারা বাজার পরিদর্শনের কথা রয়েছে মার্কিন রাষ্ট্রদূতের। ঝালকাঠি ও পিরোজপুর জেলার সীমান্তবর্তী কীর্তিপাশা খাল এবং স্বরূপকাঠি-কুড়িয়ানা এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী এই ভাসমান বাজারে গিয়ে পেয়ারা চাষ ও বাজারের কার্যক্রম সম্পর্কে ধারণা নেবেন তিনি।

এ সময় স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলার পাশাপাশি পেয়ারা বাগান ও ভাসমান বাজার ঘুরে দেখার কথা রয়েছে তার।

পরে বিকেলে বরিশাল নগরীতে ফিরে সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে মার্কিন রাষ্ট্রদূতের।

সাধারণ যাত্রীদের সঙ্গে রাষ্ট্রদূতের এমন স্বাভাবিকভাবে সময় কাটানো, দেশীয় খাবার খাওয়া ও নদীর সৌন্দর্য উপভোগের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে বরিশালবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa