ভারতের উত্তর প্রদেশের গোন্ডায় কারাগারে বন্দি প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে ১০টি তাজা গুলি ও জাল আধার কার্ডসহ এক স্কুলছাত্রী আটক হয়েছে।

কারাগারের প্রধান ফটকে নিয়মিত নিরাপত্তা তল্লাশির সময় ওই কিশোরীর পরিচয় নিয়ে সন্দেহ হয় নিরাপত্তাকর্মীদের। কারা কর্মকর্তা আফতাব আলম আনসারি জানান, কিশোরী এমন একটি নাম ব্যবহার করেছিল, যা তার আধার কার্ডে থাকা নামের সঙ্গে মিলছিল না।

পরে তল্লাশি চালিয়ে তার পকেট থেকে ১০টি তাজা গুলি উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি জাল আধার কার্ড ও নগদ টাকাও পাওয়া যায়।

ঘটনার পর কারাগারের আউটপোস্টের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে খবর দেওয়া হয়। পরে কিশোরী ও তার সঙ্গে থাকা ব্যক্তিকে উদ্ধার হওয়া সামগ্রীসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

জিজ্ঞাসাবাদে কিশোরী তার আসল পরিচয় প্রকাশ করে। পুলিশের কাছে সে দাবি করে, উদ্ধার হওয়া গুলিগুলো তার বাবার বৈধ লাইসেন্সধারী পিস্তলের।

কিশোরীর ভাষ্য, তার বাবা খুব রাগী স্বভাবের। মেয়ের কারাগারে বন্দি প্রেমিকের সঙ্গে দেখা করতে যাওয়ার বিষয়টি জানতে পারলে তিনি কঠোর পদক্ষেপ নিতে পারেন—এমন আশঙ্কা থেকেই বাবার পিস্তলের গুলিগুলো সরিয়ে নিজের কাছে রেখেছিল সে।

তবে গুলিগুলো কীভাবে তার কাছে এল এবং জাল আধার কার্ড ব্যবহারের উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। পুরো ঘটনার বিষয়ে আরও তদন্ত চলছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

সূত্র: এনডিটিভি