প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল রবিবার (৯ আগস্ট ২০২৬) প্রথম সরকারি সফরে চট্টগ্রাম যাচ্ছেন। সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও মানবিক সহায়তায় আয়োজিত এই সফরকে কেন্দ্র করে বাঁশখালী, ফটিকছড়ি ও হাটহাজারীসহ সাতটি ভেন্যুর সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) ফটিকছড়ি ও হাটহাজারীর বিভিন্ন ভেন্যু ও নিরাপত্তাব্যবস্থা সরেজমিনে তদারক করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী প্রথমে বাঁশখালী পরিদর্শনে যাবেন। সেখান থেকে হেলিকপ্টারে ফটিকছড়ির পেলাগাজী দিঘির মাঠে অবতরণ করে ঐতিহ্যবাহী বাবুনগর মাদ্রাসায় আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

পরবর্তীতে সড়কপথে হাটহাজারী সরকারি কলেজ মাঠে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে বন্যাপীড়িত পরিবারগুলোর মাঝে আর্থিক অনুদান, খাদ্যসামগ্রী ও নবনির্মিত ঘর হস্তান্তরসহ পুনর্বাসন সহায়তার উদ্বোধন করবেন। এরপর হাটহাজারী জেলা পরিষদ ডাকবাংলো প্রাঙ্গণে একটি নিমগাছের চারা রোপণের পরিকল্পনা রয়েছে তাঁর। সবশেষে তিনি চট্টগ্রাম নগরের উদ্দেশ্যে রওনা হবেন।

সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর প্রথম এই সফরকে ঘিরে সর্বোচ্চ নিচ্ছিন্দ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ, র‍্যাব, বিজিবি ও বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) সমন্বিতভাবে কাজ করছে। জেলা প্রশাসক জানান, প্রতিটি ভেন্যুর প্রস্তুতি পর্যবেক্ষণ করা হয়েছে এবং ভিভিআইপি গমনাগমন নির্বিঘ্ন রাখতে গোয়েন্দা সংস্থাগুলো কড়া নজরদারিতে রয়েছে।