সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় শুরু হয়েছে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার ৪৬তম অধিবেশন। কোরআন হিফজ, তিলাওয়াত ও ব্যাখ্যার ওপর আয়োজিত এ প্রতিযোগিতায় এবার রেকর্ডসংখ্যক ১৩৩টি দেশের ৩৩৪ জন পুরুষ ও নারী অংশ নিচ্ছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) পবিত্র দুই মসজিদের তত্ত্বাবধায়ক সৌদি বাদশাহ সালমানের পৃষ্ঠপোষকতায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সৌদি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, এবারের অংশগ্রহণকারীর সংখ্যা প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ।
আয়োজকরা জানান, মুসলিম তরুণদের পবিত্র কোরআন মুখস্থ করা, এর মর্মার্থ বোঝা এবং তা নিয়ে চিন্তাশীল হতে উৎসাহিত করাই এ প্রতিযোগিতার মূল লক্ষ্য। পাশাপাশি কোরআনের সেবা ও হাফেজদের সম্মান জানানোর ক্ষেত্রে সৌদি আরবের প্রচেষ্টাও তুলে ধরা হচ্ছে।
এবারের প্রতিযোগিতায় প্রথমবারের মতো নারী অংশগ্রহণকারীদের জন্য পৃথক আয়োজন করা হয়েছে। মক্কার হিলটন হোটেল অ্যান্ড কনভেনশনে নারীদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আর পুরুষদের সমাপনী অনুষ্ঠান হবে গ্র্যান্ড মসজিদে।
পাঁচটি বিভাগে অনুষ্ঠিত এ আন্তর্জাতিক প্রতিযোগিতায় এবার মোট পুরস্কারের পরিমাণ রাখা হয়েছে ১ কোটি ২ লাখ ৬০ হাজার সৌদি রিয়াল, যা প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ।





মন্তব্য করুন