দেশের দুই জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে বগুড়ায় বাসচাপায় ৮ জন এবং সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৮ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।
বগুড়ায় বাসের চাপায় ৮ জন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। শুক্রবার ভোরে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাস ভোর সাড়ে ৬টার দিকে এরুলিয়া সিল্কিবান্দা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক পিলারে আঘাত করে। এ সময় সড়কের পাশে কাজের সন্ধানে অপেক্ষায় থাকা শ্রমিকদের ওপর বাসটি উঠে যায়।
ঘটনাস্থলেই তিনজন নিহত হন। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও পাঁচজনের মৃত্যু হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, নিহত ও আহতরা সবাই শ্রমজীবী এবং স্থানীয় বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
অন্যদিকে, সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কাশিকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ জানায়, সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে সিলেটমুখী বেঙ্গল পরিবহনের আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাতজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর এক শিশুর মৃত্যু হয়।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। ফায়ার সার্ভিসের সহায়তায় হতাহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।





মন্তব্য করুন