https://asia24.tv


সংগৃহীত ছবি ছবি: -প্রতিনিধি
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মাত্র ২০ মিনিটের মধ্যে অন্তত সাতটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার ভোরে শহরের দক্ষিণাঞ্চলীয় বন্দর এলাকা ও জেবেল আলি শিল্পাঞ্চলে এসব বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর আকাশে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহের নিউজ আমিরাতের কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, অল্প সময়ের ব্যবধানে পরপর সাতটি বিস্ফোরণ ঘটে। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য দেয়নি সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ।
মেহের নিউজের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ঘটনাস্থলের ভিডিও ধারণের অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। যদিও এ বিষয়ে আমিরাত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে কয়েকটি ইরাকি সংবাদমাধ্যম দাবি করেছে, যুক্তরাষ্ট্র-ইরান চলমান উত্তেজনার মধ্যে ইয়েমেন থেকে সংযুক্ত আরব আমিরাতের দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে এ দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। আমিরাতের সরকারি বা নির্ভরযোগ্য কোনো সংবাদমাধ্যমও বিস্ফোরণের সঙ্গে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি নিশ্চিত করেনি।
প্রতিবেদন অনুযায়ী, নাসার তাপীয় উপগ্রহচিত্রে জেবেল আলি বন্দরের পাশে একটি গুদাম এলাকায় আগুনের উপস্থিতির ইঙ্গিত পাওয়া গেছে। ওই গুদামটি জ্বালানি সংরক্ষণ ও স্থানান্তরের কাজে ব্যবহৃত হতো বলে জানা গেছে।
এ ঘটনায় এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো সরকারি তথ্য প্রকাশ করা হয়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আবাসিক এলাকার কাছাকাছি থেকে ব্যাপক ধোঁয়া উঠতে দেখা গেছে।
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাত বর্তমানে উচ্চ সতর্কতায় রয়েছে। দেশটি যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হওয়ায় অতীতেও সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার ঝুঁকির কথা বিভিন্ন বিশ্লেষণে উঠে এসেছে। তবে দুবাইয়ের এই বিস্ফোরণের প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়।


