https://asia24.tv


ঢাকা বিশ্ববিদ্যালয়। ছবি: -ফাইল ছবি
মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে পুনরায় সক্রিয় করার অপতৎপরতায় জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২৩১ শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার (৫ আগস্ট ২০২৬) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক ফররুখ মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত—ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং নিষিদ্ধ রাজনৈতিক দলকে সক্রিয় করতে দেশের ২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের অপতৎপরতা সম্পর্কিত সংবাদ ঢাবি কর্তৃপক্ষের নজরে এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গভীর উদ্বেগের সঙ্গে বিষয়টি পর্যবেক্ষণ করছে। তারা মনে করে, এ ধরনের অপতৎপরতা দেশের প্রচলিত আইন, বিচারিক প্রক্রিয়া ও সার্বিক সার্বভৌমত্বের পরিপন্থী এবং সুস্পষ্টভাবে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের শামিল। এসব কর্মকাণ্ডের উদ্দেশ্য হলো দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে সাংবিধানিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্পষ্ট করে জানায়, ঢাবির আইন অনুযায়ী এ ধরনের কর্মকাণ্ড চরম অশিক্ষকসুলভ ও নৈতিক স্খলনজনিত অপরাধ। ঢাবি অর্ডিন্যান্স ও রেগুলেশনের চ্যাপ্টার ২০, বিধি ১৩(২) অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে বাধ্যতামূলক অবসর, চাকরি থেকে অপসারণ কিংবা বরখাস্তের মতো কঠোর শাস্তিমূলক বিধান রয়েছে। সেই অনুযায়ী যুক্ত শিক্ষকদের বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, রাষ্ট্রের সার্বভৌমত্ব, সংবিধান ও বিচারিক সিদ্ধান্তের পরিপন্থী কোনো কর্মকাণ্ডের প্রতি কর্তৃপক্ষের ‘শূন্য সহনশীলতা’ নীতি অব্যাহত থাকবে। অবস্থান নির্বিশেষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ সমুন্নত রাখতে শিক্ষক-শিক্ষার্থীসহ সকলকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


