https://asia24.tv


ঢাকায় ভারতীয় দূতাবাস। ছবি: -ফাইল ছবি
বাংলাদেশে ভারতীয় ভিসা ও কনস্যুলার সেবা দেওয়ার নামে সক্রিয় প্রতারক চক্রের হাত থেকে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় হাইকমিশন জানায়, একটি অসাধু চক্র নিজেদের ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা পরিচয়ে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করছে। তারা অর্থের বিনিময়ে দ্রুত ভিসা বা অন্যান্য সুবিধা দেওয়ার প্রলোভন দেখাচ্ছে।
হাইকমিশন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে, কোনো কর্মকর্তা কখনোই ফোন, হোয়াটসঅ্যাপ, সোশ্যাল মিডিয়া কিংবা ই-মেইলে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে অর্থের বিনিময়ে ভিসা দেওয়ার প্রস্তাব বা দাবি করেন না। সব ধরনের আবেদন নির্ধারিত সরকারি নিয়ম অনুযায়ী সম্পন্ন হয়।
তাই এ ধরনের যেকোনো বার্তা বা ফোনকল পেলে কোনো প্রকার অর্থ লেনদেন না করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ব্যক্তিগত বা আর্থিক তথ্য শেয়ার না করতেও পরামর্শ দিয়েছে সংস্থাটি।
প্রতারণার শিকার বা এমন প্রস্তাব পেলে তৎক্ষণাৎ তা ভারতীয় হাইকমিশনকে জানানোর অনুরোধ করা হয়েছে। সংশ্লিষ্ট ফোন নম্বর, স্ক্রিনশট বা প্রাসঙ্গিক তথ্যসহ visa.dhaka@mea.gov.in ঠিকানায় ই-মেইল করে অভিযোগ জানাতে বলা হয়েছে। সর্বসাধারণকে সজাগ থেকে অন্যদের মাঝেও সচেতনতা সৃষ্টির আহ্বান জানিয়েছে কমিশন।


