https://asia24.tv


ছবি: -সংগৃহীত
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে মহা ধুমধামে শুরু হয়েছে ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক এক জমকালো সাংস্কৃতিক কনসার্ট। প্রিয় শিল্পীদের গান শুনতে ও বর্ষার আবহ উপভোগ করতে দুপুর থেকেই মানিক মিয়া অ্যাভিনিউয়ে তরুণ-তরুণীসহ সব বয়সী মানুষের স্রোত নামতে শুরু করেছে।
জুলাই গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক বিজয় দিবস (৫ আগস্ট) উদযাপন উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংশ্লিষ্ট প্ল্যাটফর্ম ‘মুনসুন কালচারাল অ্যালায়েন্স’ এই ব্যতিক্রমী কনসার্টের আয়োজন করেছে। আজ বুধবার বেলা ৩টা ৫৫ মিনিটে সমবেত জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরবর্তীতে বিকেল ৪টা ২০ মিনিটে এনসিপির সহযোগী সংগঠন ‘জাতীয় শ্রমিক শক্তি’র সদস্যসচিব ঋআজ মোর্শেদ ও তাঁর দলের পরিবেশনা দিয়ে শুরু হয় মূল গান।
বৃষ্টি হলেও দর্শকদের উদ্দীপনায় এতটুকু ভাটা পড়েনি। মঞ্চের সামনের অংশে বিশেষ আমন্ত্রিত অতিথি ও সাংবাদিকদের আসন থাকলেও পেছনের ব্যারিকেডের পাশে বহু তরুণ কেউ ছাতা মাথায়, আবার কেউ সরাসরি বৃষ্টিতে ভিজে কনসার্ট উপভোগ করছেন। সময়ের সঙ্গে সঙ্গে মানিক মিয়া অ্যাভিনিউ প্রাঙ্গণে জনসমাগম আরও বৃদ্ধি পাচ্ছে।
এই বিশেষ কনসার্টে দেশের জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন, আর্ক (হাসান), আর্টসেল, আর্বোভাইরাস ও এভয়েড রাফার পাশাপাশি একক পারফর্মার হিসেবে পারসা, সেজান, কুঁড়েঘর ও আসিফ আকবরের সুরের মূর্ছনা ছড়ানোর কথা রয়েছে।
আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে যোগ দিয়েছেন সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।


