https://asia24.tv


ফাইল ছবি ছবি: -প্রতিনিধি
‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বুধবার (৫ আগস্ট) সারাদেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’।
দিবসটি উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দুপুর ১২টায় জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। এতে সভাপতিত্ব করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এমপি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ৬টা ১ মিনিটে শাহবাগে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এছাড়া জুলাই শহীদ পরিবারের প্রতিনিধি ও জুলাই যোদ্ধাদের প্রতিনিধিরাও বক্তব্য রাখবেন।
দিবসটি উপলক্ষে রাজধানীসহ সারা দেশে নানা কর্মসূচি গ্রহণ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। দেশের সব জেলা, উপজেলা, সিটি করপোরেশন, পৌরসভা এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতেও বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
এ ছাড়া দেশের সব ধর্মীয় উপাসনালয়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।
শিশুদের জন্য দিনব্যাপী উন্মুক্ত থাকবে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, বাংলাদেশ জাতীয় জাদুঘর, সামরিক জাদুঘর, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন বিনোদন কেন্দ্র।
সরকারি হাসপাতাল, কারাগার, সরকারি শিশু পরিবার ও বৃদ্ধাশ্রমে বিশেষ প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ সড়ক, সরকারি ভবন ও স্মৃতিস্তম্ভ জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।
দিবসটির তাৎপর্য তুলে ধরতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভার পাশাপাশি রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে।


