https://asia24.tv

বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের দ্বিতীয় বর্ষপূর্তিতে আগামীকাল বুধবার (৫ আগস্ট) উদ্বোধন হতে যাচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’। সাবেক প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনকে রূপান্তর করে গড়ে তোলা এই জাদুঘর সকাল ৯টায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সংস্কৃতি মন্ত্রণালয়ের নির্দেশনা ও তত্ত্বাবধানে ইতোমধ্যেই জাদুঘরের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জানা গেছে, নির্ধারিত সময় সকাল ৯টায় প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছাবেন এবং পাঁচ মিনিট পর নামফলক উন্মোচন করবেন।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভূতপূর্ব আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয় দীর্ঘদিনের আওয়ামী লীগ সরকার। পরবর্তীতে ঐতিহাসিক অভ্যুত্থানের স্মৃতি ও চেতনা সংরক্ষণ করতে গণভবনকে একটি পূর্ণাঙ্গ স্মৃতি জাদুঘরে রূপান্তরের সিদ্ধান্ত গৃহীত হয়।
এই জাদুঘরে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণআন্দোলন, দমন-পীড়ন এবং ছাত্র-জনতার সাহসিকতাপূর্ণ প্রতিরোধের নানা আলোকচিত্র, ভিডিও ফুটেজ, ঐতিহাসিক দলিল ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার সংরক্ষণ করা হয়েছে। এছাড়া আন্দোলনকালে নিহত ও আহত ব্যক্তিদের ব্যবহৃত স্মৃতিচিহ্ন, ব্যানার, প্ল্যাকার্ডসহ অসংখ্য স্মারক এখানে স্থান পেয়েছে।
উদ্যোগটির গুরুত্ব তুলে ধরে সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজাম জানান, জুলাইয়ের রক্তক্ষয়ী আন্দোলন ও ত্যাগের স্মৃতি ভবিষ্যৎ প্রজন্মের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে জাদুঘরটি ঐতিহাসিক ভূমিকা রাখবে। সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন বলেন, এটি অভ্যুথানের তাৎপর্য অক্ষুণ্ণ রাখার অনন্য প্রয়াস।
অন্যদিকে, অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব ও দ্য ডেইলি ওয়াদার-এর সম্পাদক শফিকুল আলম মনে করেন, গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে এই জাদুঘরের শুভ উদ্বোধন সমগ্র জাতির জন্য এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্বোধনের পর প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের জন্য এটি উন্মুক্ত থাকবে। দর্শনার্থীদের সুবিধার্থে অনলাইন টিকিটের সুব্যবস্থাও রাখা হয়েছে।


