গ্যাস-বিদ্যুৎ সংকট, শ্রমিক অসন্তোষ, ব্যাংকিং জটিলতা ও শুল্ক অনিশ্চয়তার মতো নানা চ্যালেঞ্জ সত্ত্বেও বিশ্বজুড়ে তৈরি পোশাক রপ্তানিতে নিজেদের সাফল্য ধরে রেখেছে বাংলাদেশ। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ‘ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিস্টিক্যাল রিভিউ ২০২৫’ অনুযায়ী, টানা পঞ্চমবারের মতো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশের অবস্থান দখল করেছে বাংলাদেশ।
প্রতিবেদনে জানানো হয়, গত বছর বাংলাদেশে সর্বমোট ৩৮.৮২ বিলিয়ন ডলার সমমূল্যের তৈরি পোশাক রপ্তানি হয়েছে, যা নিকটতম প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামের মোট রপ্তানির চেয়ে প্রায় ২ বিলিয়ন ডলার বেশি। বছর ব্যবধানে বাংলাদেশের পোশাক রপ্তানি আয় ১ শতাংশ বাড়লেও এই সময়ে ভিয়েতনামের প্রবৃদ্ধি রেকর্ড করা হয়েছে প্রায় ১১ শতাংশ।
বৈশ্বিক তৈরি পোশাক বাজারের শীর্ষে বরাবরের মতোই শক্ত অবস্থানে রয়েছে চীন। তালিকায় ভিয়েতনামকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে বাংলাদেশ অবস্থান করলেও তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে উঠে এসেছে যথাক্রমে ভারত ও তুরস্ক।
অর্থনীতিবিদদের মতে, ভিয়েতনাম দ্রুত গতিতে এগোচ্ছে এবং ভারতসহ অন্যান্য দেশ প্রতিযোগিতায় নামছে। ফলে বিশ্বে দ্বিতীয় অবস্থান ধরে রাখতে বাংলাদেশকে প্রযুক্তির ছোঁয়া, উৎপাদনে অটোমেশন বৃদ্ধি ও সার্বিক প্রতিযোগিতা সক্ষমতা আরও জোরদার করার তাগিদ দেওয়া হয়েছে।





মন্তব্য করুন