আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী নির্বাচন এবং নীতিগত সব সিদ্ধান্তের চূড়ান্ত এখতিয়ার দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে স্থায়ী কমিটি। শনিবার রাতে গুলশানে চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পার্টির নীতি-নির্ধারণী বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরে দলের স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী ৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে। কমিশন তফসিল ঘোষণা করলেই চূড়ান্ত প্রার্থীর নাম উন্মোচন করবেন তারেক রহমান।
সংসদের বিশেষ অধিবেশন প্রসঙ্গে তিনি ব্যাখ্যা দেন, একক প্রার্থী থাকলে ভোটের প্রয়োজন পড়ে না। তবে একাধিক প্রতিদ্বন্দ্বী থাকলে নির্বাচন কমিশন ও স্পিকার যৌথ আলোচনার মাধ্যমে সংসদে বিশেষ অধিবেশন আহ্বান করবেন।
পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন ইস্যুতে ফখরুল ইসলাম আলমগীর জানান, চলতি বছরের শেষভাগে কিংবা আগামী বছরের শুরুতে দেশজুড়ে স্থানীয় নির্বাচন সম্পন্ন করার প্রাথমিক পরিকল্পনা রয়েছে সরকারের।





মন্তব্য করুন