ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের আমতলা বাজার থেকে পাঙ্গাসিয়ার পাড় পর্যন্ত বেহাল সড়কের সংস্কার ও পাকা নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
রোববার (২ আগস্ট) সকালে উপজেলার ৫ নম্বর তারাবুনিয়া কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ২০০২ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আমতলা বাজার থেকে পাঙ্গাসিয়ার পাড় পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার ১০০ মিটার দীর্ঘ সড়কের মাত্র ১ কিলোমিটার অংশে ইটের সলিং নির্মাণ করে। বাকি প্রায় ২ কিলোমিটার এখনো কাঁচা থাকায় সামান্য বৃষ্টিতেই সড়কটি কাদায় পরিণত হয় এবং চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
তারা বলেন, বছরের অধিকাংশ সময় সড়কটি ব্যবহারে চরম দুর্ভোগ পোহাতে হয়। সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হন শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, কৃষক এবং জরুরি রোগী বহনকারী যানবাহন। অনেক সময় অসুস্থ রোগীদের হাসপাতালে নিতে মারাত্মক সমস্যার মুখোমুখি হতে হয়।
বক্তারা আরও জানান, সড়কটিতে তিনটি সাঁকো ও আটটি কালভার্ট রয়েছে। এর মধ্যে তিনটি কালভার্ট অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দ্রুত সংস্কার না করলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
মানববন্ধন থেকে সড়কটির দ্রুত সংস্কার, ঝুঁকিপূর্ণ কালভার্ট পুনর্নির্মাণ এবং প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নকাজ দ্রুত শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য দেন সাতুরিয়া ইউনিয়ন পরিষদের সদস্য হুমায়ুন কাজী, সাবেক ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান বাচ্চু, বিএনপির সাবেক ৭ নম্বর ওয়ার্ড সভাপতি নুরুল ইসলাম, তারাবুনিয়া ওয়াহেদিয়া দাখিল মাদ্রাসার সুপার আতিকুর রহমান, ৫ নম্বর কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিল্লাদ হোসেন, সমাজসেবক আব্দুল কুদ্দুসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।





মন্তব্য করুন