https://asia24.tv


জামিন না মঞ্জুর করে কারাগারে নেওয়া হচ্ছে সাহেদকে। ছবি: -সংগৃহীত
২৩ লাখ ১৮ হাজার ৩৫৮ টাকার চেক ডিজঅনার মামলায় এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিমকে এই মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার ঢাকার তৃতীয় যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আরিফুল ইসলাম এ আদেশ দেন। একই সঙ্গে আদালতের রায়ে আসামিকে সমপরিমাণ অর্থ জরিমানাও করা হয়েছে।
মামলার বিবরণ থেকে জানা যায়, নির্মাণসামগ্রী ক্রয়ের বকেয়া বাবদ ২০১৯ সালে সাহেদ একটি উত্তরা ব্যাংকের চেক প্রদান করেন। তবে অ্যাকাউন্টে পর্যাপ্ত অর্থ না থাকায় ২০২০ সালের মে মাসে চেকটি ডিজঅনার হয়। পরবর্তীতে আইনি নোটিশের নির্ধারিত সময়ে অর্থ না পেয়ে বাহার ট্রেডার্স ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী হাফিজ উদ্দিন বাহার ওই বছরের ২৬ জুলাই সাহেদের বিরুদ্ধে এনআই অ্যাক্টে মামলাটি দায়ের করেন। চলতি বছরের ৩ মে সাহেদের অনুপস্থিতিতে আদালত এক বছর কারাদণ্ড ও জরিমানা নির্ধারণ করে রায় ঘোষণা করেন।
রবিবার সাহেদের আইনজীবী জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামিপক্ষের দাবি, মামলাটির বিষয়ে তারা অবগত ছিলেন না, ফলে একতরফা রায় হয়েছে।
করোনা মহামারির সময় স্বাস্থ্যখাতে জালিয়াতি ও ভুয়া রির্পোট কাণ্ডে আলোচনায় আসা রিজেন্টের সাহেদ করিমকে গত ২০ জুলাই রাজধানীর ইসিবি চত্বর থেকে ২ কোটি ১৬ লাখ টাকার অপর এক মামলায় পরোয়ানা জারি থাকায় গ্রেপ্তার করেছিল পল্লবী থানা পুলিশ। এরপর থেকেই তিনি কারাগারে রয়েছেন। বর্তমানে সাহেদের বিরুদ্ধে প্রতারণা, অবৈধ অস্ত্র ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনসহ ৩৫টির বেশি মামলা বিচারাধীন রয়েছে।


