গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন। হাসপাতালটিতে সরকারি সরবরাহ থাকা সত্ত্বেও সাধারণ রোগীদের বিনামূল্যে ওষুধ ও প্রতিষেধক না দিয়ে বাইরে পাঠানোর অপরাধে দায়িত্বরত দুজনকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন তিনি।
রবিবার (২ আগস্ট) সকাল ১১টার দিকে কোনো পূর্বঘোষণা ছাড়াই মন্ত্রী গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন। হাসপাতালে প্রবেশকালেই তিনি জলাতঙ্ক ও কুকুরের কামড়ে আক্রান্ত এক রোগীর মুখোমুখি হন। মন্ত্রী রোগীর কাছে ভ্যাকসিন পাওয়ার বিষয়ে খোঁজ নিলে ভুক্তভোগী জানান, হাসপাতাল থেকে সরবরাহ না থাকায় ১ হাজার ৩০ টাকা খরচ করে বাইরের দোকান থেকে ওষুধটি কিনে আনতে হয়েছে।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী তাৎক্ষণিকভাবে হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে জবাবদিহি চান। সরকারি পর্যাপ্ত অ্যান্টি-র্যাবিস ভ্যাকসিন প্রস্তুত থাকা সত্ত্বেও কেন রোগীকে বিনামূল্যে তা দেওয়া হয়নি—সে বিষয়ে কড়া অসন্তোষ প্রকাশ করেন তিনি।
রোগীর স্বজনরা অভিযোগ করে জানান, সকালে কুকুরের কামড়ে আহত এক নারী সরকারি ভ্যাকসিনের জন্য এলে হাসপাতাল কর্তৃপক্ষ সরাসরি জানিয়ে দেয় স্টকে ওষুধ নেই। বাধ্য হয়ে তাঁরা বাইরের ফার্মেসি থেকে চড়া দামে তা কেনেন। ঠিক সে মুহূর্তে স্বাস্থ্যমন্ত্রী উপস্থিত হয়ে ঘটনাটি হাতেনাতে ধরে ফেলেন।
সরকারি সেবায় এমন গাফিলতি ও অনিয়মের প্রমাণ মেলায় মন্ত্রী হাসপাতাল স্টোরের দায়িত্বে থাকা দুজনকে তাৎক্ষণিক সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেন। সরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবার মান বজায় রাখা এবং সাধারণ মানুষের বিনামূল্যে প্রাপ্তি নিশ্চিত করতে সারা দেশে এমন কঠোর তদারকি অব্যাহত থাকবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।





মন্তব্য করুন