বগুড়া-নওগাঁ মহাসড়কে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে কাহালু উপজেলার কাজিপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে লুৎফর রহমান (৫০) নামের এক মাছ ব্যবসায়ীর পরিচয় জানা গেছে। তিনি ময়মনসিংহের সদর উপজেলার রাঘবপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে। বাকি তিনজনের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ময়মনসিংহ থেকে আসা একটি পিকআপ নওগাঁয় মাছ বিক্রি শেষে ফিরছিল। পথে কাজিপাড়া এলাকায় একটি ভটভটিকে ওভারটেক করার সময় বিপরীতমুখী নওগাঁগামী মালবোঝাই একটি ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পিকআপের চালক, সহকারী ও দুই মাছ ব্যবসায়ী প্রাণ হারান। দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যায়।
সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহত চারজনের মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি রাস্তা থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।
ওসি জানান, নিহত লুৎফর রহমানের পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং অন্য তিনজনের পরিচয় নিশ্চিতের চেষ্টা চালানো হচ্ছে।




মন্তব্য করুন