দেশের ব্যবসা-বাণিজ্যের প্রসার, বিনিয়োগ পরিবেশ উন্নয়ন এবং বিদ্যমান শিল্প খাতের সংকট সমাধানে শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১ আগস্ট) সকালে তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাড়ে তিন ঘণ্টাব্যাপী এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হয়। এতে দেশের মূল ধারার শিল্পপতি ও বিভিন্ন খাতের ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নেন।
বৈঠকে মূলত দেশি-বিদেশি বিনিয়োগ (এফডিআই) বৃদ্ধি, ব্যবসা সহজীকরণ (ইজ অব ডুইং বিজনেস), জ্বালানি ও বিদ্যুৎ সংকট, করনীতি ও শুল্ক কাঠামো, রপ্তানি বৃদ্ধি এবং নতুন বাজার সৃষ্টির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনাকালে ব্যবসায়ীরা শিল্প উৎপাদনে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা, বিদ্যমান করব্যবস্থার সংস্কার, লজিস্টিকস সুবিধার উন্নয়ন এবং নিয়ন্ত্রক সংস্থার নানাবিধ জটিলতা নিরসনের জোর দাবি জানান। একই সঙ্গে ব্যাংকিং ও অর্থায়ন-সংক্রান্ত বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলা এবং আন্তর্জাতিক বাজারের জন্য দক্ষ জনশক্তি গড়ে তোলার ওপর তারা গুরুত্বারোপ করেন।
ব্যবসায়ীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন প্রধানমন্ত্রী। তিনি বেসরকারি খাতের টেকসই উন্নয়ন এবং একটি সমৃদ্ধ ও প্রতিযোগিতামূলক অর্থনীতি গড়ে তুলতে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার সময়োপযোগী নীতিগত সহায়তা প্রদান করবে।
অর্থনৈতিক নীতি প্রণয়ন ও বাস্তবায়নে বেসরকারি খাতের সঙ্গে নিয়মিত এই ধরনের প্রাতিষ্ঠানিক সংলাপ অব্যাহত থাকবে বলেও প্রধানমন্ত্রী সভায় আশ্বাস দেন।





মন্তব্য করুন