https://asia24.tv


ছবি: -সংগৃহীত
মিয়ানমারের রাখাইন রাজ্যের সংঘাতময় পরিস্থিতি থেকে প্রাণ বাঁচিয়ে পালিয়ে আসার পথে কক্সবাজারের টেকনাফে একটি রোহিঙ্গাবাহী নৌকা ডুবে ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় নৌকার মাঝিসহ এখনও ১৩ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
শুক্রবার (৩১ জুলাই) সকাল ৮টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া নৌকাঘাটসংলগ্ন উত্তাল সাগরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। পরবর্তীতে উদ্ধারকৃত ব্যক্তিদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাখাইনে নতুন করে শুরু হওয়া সহিংসতার কারণে একদল রোহিঙ্গা একটি ট্রলারে করে বাংলাদেশে প্রবেশের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। কিন্তু শাহপরীরদ্বীপ উপকূলে পৌঁছানোর পর প্রবল স্রোত ও উত্তাল ঢেউয়ের তোড়ে নৌকাটি উল্টে যায়। খবর পেয়ে স্থানীয় জেলেরা আশপাশের ট্রলার নিয়ে দ্রুত উদ্ধার অভিযানে নামেন এবং ১৮ জনকে সাগর থেকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন।
শাহপরীরদ্বীপের জেলে আবদু মাঝি জানান, ওই নৌকায় মাঝিমাল্লাসহ মোট ৩১ জন আরোহী ছিলেন। নিখোঁজ ১৩ জনের সন্ধানে এখনও সাগরে খোঁজ চালানো হচ্ছে। প্রাথমিক তথ্যানুযায়ী, জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে কোনো নারী বা শিশু নেই, তারা সবাই পুরুষ।
সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মন্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাণ রক্ষায় সীমান্তে অনুপ্রবেশের চেষ্টার সময়ই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়দের সহায়তায় উদ্ধার পাওয়া রোহিঙ্গাদের বিজিবির হাতে তুলে দেওয়া হয়েছে।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া জানান, উদ্ধার হওয়া ১৮ জন বর্তমানে বিজিবির হেফাজতে ও নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তাঁদের সুনির্দিষ্ট পরিচয় এবং সীমান্তে অনুপ্রবেশের প্রকৃত কারণ যাচাই-বাছাই করা হচ্ছে। প্রাথমিক প্রক্রিয়াকরণ ও তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।


