সচিবালয়ে সারাদিন ব্যস্ত সময় পার করার পর বৃহস্পতিবার (৩০ জুলাই) গভীর রাতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে বের হন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাত ৯টা ১০ মিনিটে তিনি নিজে গাড়ি চালিয়ে উত্তর সিটির বিভিন্ন এলাকা ঘুরেন এবং পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনকে পাশের আসনে বসিয়ে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে পরিদর্শন পরিচালনা করেন।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী ফার্মগেট এলাকা থেকে যাত্রা শুরু করে জাতীয় সংসদ ভবন এলাকা, ঢাকা সেনানিবাস এবং মহাখালী অতিক্রম করেন। এরপর তিনি বনানী চেয়ারম্যান বাড়ি ও বনানী এলাকা ঘুরে গুলশানে নিজ বাসভবনে ফেরেন। পরিদর্শনের পুরো সময়জুড়ে তিনি গাড়িতে বসে উত্তর সিটির প্রশাসককে বর্জ্য ব্যবস্থাপনা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।
প্রধানমন্ত্রীর এই ঝটিকা পরিদর্শনের সময় তাঁর সফরসঙ্গী হিসেবে অন্য একটি গাড়িতে উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ তাঁর ব্যক্তিগত কর্মকর্তারা। রাতের এ বিশেষ তদারকি রাজধানীতে নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা জোরদারে সরকারের বিশেষ অগ্রাধিকারেরই অংশ বলে জানান সংশ্লিষ্টরা।





মন্তব্য করুন