কক্সবাজার থেকে ঢাকাগামী ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনে দুর্বৃত্তদের ছোঁড়া পাথরের আঘাতে জানালার কাচ ভেঙে দুজন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে চকরিয়ার ডুলাহাজারা সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে।
ট্রেন যাত্রীদের সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে কক্সবাজার স্টেশন ছেড়ে আসা ট্রেনটি ডুলাহাজারার কাছাকাছি পৌঁছালে হঠাৎ বাইরে থেকে সেটিকে লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়। এতে ‘ঝ’ বগির নন-এসি কোচের জানালার কাচ চুরমার হয়ে ভেতরে এসে পড়ে। এতে ১১ নম্বর আসনের যাত্রী কক্সবাজার জেলা জজ কোর্টের কর্মকর্তা বিপ্লব কুমার দাশের হাত কেটে রক্তাক্ত হয়। এছাড়া দীপ্ত নামের অপর এক যাত্রীর হাতে আঘাত লাগে। পাশের আসনের যাত্রী তাওহীদ মুরাদ জানান, ল্যাপটপে কাজ করার সময় বিকট শব্দে কাচ ভেঙে গায়ে এসে পড়ে; অল্পের জন্য তিনি বড় ধরনের বিপদ থেকে বেঁচে যান।
রেলওয়ের পরিসংখ্যান বলছে, পূর্বাঞ্চলীয় রুটে গত এক বছরে চলন্ত ট্রেনে অন্তত ১৪৭ বার পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে, যাতে ৪০ জন যাত্রী আহত হয়েছেন। উদ্বেগের বিষয় হলো, এর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৪০টি ঘটনা ঘটেছে এই নতুন কক্সবাজার রুটে, যেখানে আহত হয়েছেন ১৫ জন যাত্রী। যাত্রীদের অভিযোগ, দুর্ঘটনার পর দায়িত্বরত গার্ড বা অ্যাটেনডেন্টদের ঘটনাস্থলে পৌঁছাতে বেশ বিলম্ব হয়। দিনে চার জোড়া ট্রেন চলাচলকারী এই ব্যস্ত রুটে এমন ট্রেন দুর্ঘটনা যাত্রী নিরাপত্তার জন্য বড় হুমকি তৈরি করেছে।
এ বিষয়ে জানতে চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফারহান মাহমুদকে ফোনে পাওয়া যায়নি। অন্যদিকে চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি নুরুল হুদা জানান, বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।





মন্তব্য করুন