https://asia24.tv


বাংলাদেশ ব্যাংক। ছবি: -ফাইল ছবি
আন্তর্জাতিক আর্থিক লেনদেন আরও আধুনিক ও সহজ করতে নতুন নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (২৯ জুলাই) প্রকাশিত এই নির্দেশনার ফলে দেশের ব্যাংকগুলো এখন থেকে বিদেশি ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ও অনলাইন পেমেন্ট গেটওয়ের সঙ্গে সরাসরি চুক্তি করতে পারবে। এর মাধ্যমে গ্রাহকদের জন্য আন্তর্জাতিক ডিজিটাল ওয়ালেট বা ‘ডিজিটাল ভ্যালু অ্যাকাউন্ট’ (ডিভিএ) চালুর সুযোগ তৈরি হলো।
নতুন নীতিমালার আওতায় বিদেশে ভ্রমণ, চিকিৎসা বা সরকারি সফরের ট্রাভেল কোটার অর্থ এই ডিজিটাল ওয়ালেটে রাখা যাবে, যা নগদ ডলার বহনের ঝুঁকি ও ঝক্কি কমাবে। পাশাপাশি আন্তর্জাতিক হোটেলের বুকিং, ভিসা ফি, বিভিন্ন প্রতিষ্ঠানের সদস্যপদ ফি এবং আইটি ও সফটওয়্যার সেবার বিলসহ অনুমোদিত অনলাইন পেমেন্ট করা যাবে। তবে বিদ্যমান নিয়ম অনুযায়ী, প্রতিটি লেনদেনে সর্বোচ্চ ৩০০ মার্কিন ডলার পর্যন্ত পরিশোধের সুযোগ থাকবে।
ফ্রিড্যান্সার, রপ্তানিকারক ও ই-কমার্স উদ্যোক্তারাও এই সুবিধার আওতায় আসবেন। তাঁরা বিদেশ থেকে অর্জিত অর্থ সরাসরি গ্রহণ করতে পারবেন এবং ‘এক্সপোর্ট রিটেনশন কোটা’ (ইআরকিউ) হিসাবের অর্থ ওয়ালেটে স্থানান্তর করে ব্যবসায়িক খরচ মেটাতে পারবেন।
কেন্দ্রীয় ব্যাংক স্পষ্ট করেছে যে, এটি নির্দিষ্ট কোনো সেবা (যেমন: পেপ্যাল) চালুর তাৎক্ষণিক ঘোষণা নয়; বরং আন্তর্জাতিক সেবাদাতাদের সঙ্গে কাজের একটি প্রাতিষ্ঠানিক ও নিয়ন্ত্রক কাঠামো তৈরি করা হলো। ব্যাংকগুলো প্রয়োজনীয় অনুমতি সাপেক্ষে ধাপে ধাপে এই সেবা চালু করবে।
গ্রাহকদের সুরক্ষায় ডিজিটাল ওয়ালেটগুলোর মূল নিয়ন্ত্রণ থাকবে ব্যাংকের হাতেই। পাশাপাশি বৈদেশিক মুদ্রা আইন, অর্থপাচার প্রতিরোধ এবং কেওয়াইসি (KYC) বিধিমালা কঠোরভাবে মেনে রিয়েল-টাইমে প্রতিটি লেনদেন তদারকি করা হবে। ব্যাংক খাত সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই পদক্ষেপে ফ্রিল্যান্সিং ও তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ ত্বরান্বিত হবে এবং বৈধ চ্যানেলে বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়বে।


