https://asia24.tv


বিশ্বব্যাংক ছবি: -ফাইল ছবি
বাংলাদেশে বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত প্রকল্পগুলোর সুশাসন, আর্থিক ব্যবস্থাপনা, সরকারি ক্রয় প্রক্রিয়া ও স্বচ্ছতা পর্যালোচনার পাশাপাশি একটি বড় উন্নয়ন প্রকল্পের ফলাফল মূল্যায়ন করতে আগামী আগস্টে ঢাকায় আসছে সংস্থার দুটি পৃথক উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।
এর মধ্যে বিশ্বব্যাংকের ‘গভর্ন্যান্স গ্লোবাল প্র্যাকটিস’ সম্পর্কিত মিশনটি ৯ থেকে ১৩ আগস্ট এবং ‘রেজিলিয়েন্স, এন্টারপ্রেনিউরশিপ অ্যান্ড লাইভলিহুড ইম্প্রুভমেন্ট’ (রেলি) প্রকল্পের ফলাফল মূল্যায়ন মিশনটি ৯ থেকে ১৬ আগস্ট বাংলাদেশ সফর করবে। বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের অপারেশনস ম্যানেজার গেইল এইচ. মার্টিন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব মোহাম্মদ আহসান কিবরিয়া সিদ্দিকীকে চিঠির মাধ্যমে বিষযেটি নিশ্চিত করেছেন।
গভর্ন্যান্স গ্লোবাল প্র্যাকটিসের প্র্যাকটিস ম্যানেজার হিশাম আহমেদ ওয়ালি এবং সিনিয়র অপারেশনস অফিসার আলেকসান্দার কোচেভস্কির নেতৃত্বে প্রথম প্রতিনিধিদলটি ঢাকা সফর করবে। এ মিশনের প্রধান লক্ষ্য হলো ব্যাংকটির অর্থায়নে চলা প্রকল্পগুলোর আর্থিক জবাবদিহি ও সুশাসন সংক্রান্ত সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করা। সফরকালে তারা অর্থ মন্ত্রণালয়, বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন ইউনিট (পিআইইউ) এবং অংশীজনদের সঙ্গে আর্থিক শৃঙ্খলা বৃদ্ধি ও সরকারি ক্রয় ব্যবস্থা আরও শক্তিশালী করার বিষয়ে বৈঠক করবেন।
অন্যদিকে, ৯ থেকে ১৬ আগস্ট বাস্তবায়নাধীন ‘রেলি’ প্রকল্পের সাফল্য ও প্রভাব মূল্যায়নে কাজ করবে দ্বিতীয় মিশনটি। এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন সিনিয়র এগ্রিকালচার স্পেশালিস্ট সামিনা ইয়াসমিন। এ দলে বিশ্বব্যাংকের বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞদের পাশাপাশি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) বিশেষজ্ঞরাও যুক্ত থাকবেন। তাঁরা সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও বাস্তবায়নকারী সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করে প্রকল্পটির অর্থনৈতিক দক্ষতা, অর্জন এবং অভিজ্ঞতা নথিভুক্ত করবেন।
ইআরডির কর্মকর্তারা জানিয়েছেন, এই দুটি মিশন একদিকে যেমন উন্নয়ন প্রকল্পগুলোর স্বচ্ছতা নিশ্চিত করতে সহায়তা করবে, অন্যদিকে ভবিষ্যতে নতুন অর্থায়ন পাওয়ার পথ সহজ করবে। মূল্যায়ন প্রতিবেদনে উঠে আসা সুপারিশগুলো আগামী দিনে প্রকল্প বাস্তবায়নের সার্বিক মান বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


