https://asia24.tv


লিভার বা যকৃত (প্রতীকী ছবি)। ছবি: -সংগৃহীত
আজ ২৮ জুলাই বিশ্বব্যাপী পালিত হচ্ছে ‘বিশ্ব হেপাটাইটিস দিবস’। লিভারের প্রদাহজনিত এ রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধ ও চিকিৎসা নিশ্চিত করাই দিবসটির মূল উদ্দেশ্য। এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘হেপাটাইটিস : আসুন, বাধা ভেঙে এগিয়ে যাই।’
হেপাটাইটিস মূলত ভাইরাসজনিত লিভারের প্রদাহ। এ, বি, সি, ডি ও ই—এই পাঁচ ধরনের ভাইরাসের মধ্যে ‘বি’ ও ‘সি’ সবচেয়ে বেশি উদ্বেগের কারণ। সময়মতো সঠিক চিকিৎসা না পেলে এগুলো দীর্ঘমেয়াদে লিভার সিরোসিস, লিভার বিকল ও ক্যানসারের মতো প্রাণঘাতী রূপ নিতে পারে।
বর্তমানে হেপাটাইটিস বি-এর কার্যকর প্রতিরোধক টিকা এবং সি-এর জন্য সম্পূর্ণ নিরাময়যোগ্য ওষুধ রয়েছে। তবে কার্যকর চিকিৎসা ও রোগ নির্ণয় পদ্ধতি থাকা সত্ত্বেও বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ চিকিৎসা সেবার বাইরে। মূলত অসচেতনতা, সামাজিক কুসংস্কার, চিকিৎসার সীমিত সুযোগ ও অর্থনৈতিক বৈষম্যের কারণে আক্রান্তরা পরীক্ষা ও চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন।
বিশেষজ্ঞদের মতে, সামাজিক ও মানসিক বাধাগুলো ভেঙে সময়মতো রোগ নির্ণয় এবং সঠিক চিকিৎসা গ্রহণই পারে সুস্থ ও হেপাটাইটিসমুক্ত ভবিষ্যৎ নিশ্চিত করতে।


