https://asia24.tv


জাপানে ভূমিকম্প। ছবি: -ফাইল ছবি
জাপানের দক্ষিণাঞ্চলীয় কিউশু দ্বীপে শক্তিশালী ৭.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। প্রাকৃতিক এই দুর্যোগের পর দেশটিতে এক মিটার (প্রায় ৩.৩ ফুট) উচ্চতার সুনামির তীব্র ঝুঁকি তৈরি হওয়ায় জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জরুরি সতর্কতা জারি করেছে।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্যমতে, মঙ্গলবারের এই শক্তিশালী কম্পনের পর সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও প্রাণহানি এড়াতে কুমামোতো, নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা, সাগা, ওইতা ও মিয়াজাকি অঞ্চলের অধিবাসীদের সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছে দেশটির প্রশাসন।
নিরাপত্তা নিশ্চিতে কিউশু অঞ্চলে উচ্চগতির বুলেট ট্রেন ‘শিনকানসেন’-সহ সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে জেআর কিউশু। তবে স্বস্তির খবর দিয়ে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান কিউশু ইলেকট্রিক পাওয়ার জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছের সেনদাই ও গেনকাই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোনো ক্ষয়ক্ষতি কিংবা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।
ভৌগোলিক অবস্থানের কারণে প্রশান্ত মহাসাগরীয় চরম ঝুঁকিপূর্ণ ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত জাপান বিশ্বের অন্যতম ভূকম্পনপ্রবণ দেশ। বৈশ্বিক পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে ঘটে যাওয়া ৬ বা তার চেয়ে বেশি মাত্রার ভূমিকম্পের প্রায় ২০ শতাংশই জাপানে ঘটে থাকে এবং গড়ে প্রতি পাঁচ মিনিটে সেখানে একটি করে কম্পন অনুভূত হয়।


