https://asia24.tv


প্রতীকী ছবি ছবি: -ফাইল ছবি
কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) বিক্রিতে কমিশন বাড়ানোর দাবিতে আগামী ৩০ জুলাই নির্ধারিত দেশব্যাপী সিএনজি ফিলিং স্টেশন বন্ধের কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) রাজধানীর বিজয়নগরের আকরাম টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানায় বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।
সংগঠনটির নেতারা জানান, কক্সবাজারের মহেশখালীতে একটি এলএনজি টার্মিনালে সম্প্রতি অগ্নিকাণ্ডের কারণে দেশজুড়ে তৈরি হওয়া চরম গ্যাস-সংকট ও জনদুর্ভোগের কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংকটের এই সময়ে সরকারকে সহায়তা ও সাধারণ মানুষের সাময়িক স্বস্তির স্বার্থেই তারা ৩০ জুলাইয়ের ধর্মঘট থেকে সরে এসেছেন। তবে কাঙ্ক্ষিত দাবি পূরণ না হলে আগামী ২৩ আগস্ট থেকে সারা দেশের সব সিএনজি ফিলিং স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধের পূর্বঘোষিত কর্মসূচি বহাল থাকবে।
সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক ফারহান নূর এবং স্টিয়ারিং কমিটির আহ্বায়ক আমিরুজ্জামান চৌধুরী জানান, ২০১৫ সালে প্রতি ঘনমিটার সিএনজি বিক্রিতে ৮ টাকা কমিশন নির্ধারণ করা হয়েছিল। দীর্ঘ ১১ বছরে মূল্যস্ফীতি, শ্রমিকের মজুরি, যন্ত্রাংশের দাম ও বিভিন্ন সরকারি ফি বহুগুণ বাড়লেও কমিশন বাড়েনি। ফলে বর্তমান কমিশনে সিএনজি ফিলিং স্টেশন পরিচালনা করা অসম্ভব হয়ে পড়েছে। ব্যবসায়ীরা প্রতি ঘনমিটারে কমিশন ৮ টাকা থেকে বাড়িয়ে ১৩ টাকা ৯৬ পয়সা নির্ধারণের জোরালো দাবি জানান।


