ঢাকা
১১ আগস্ট ২০২৬
শিরোনাম
Advertise with us

র‍্যাব বিলুপ্ত নয়, পরিবর্তিত হচ্ছে নাম

ডেস্ক রিপোর্ট
সোমবার, ২৭ জুলাই ২০২৬   ৯ বার পঠিত
র‍্যাব বিলুপ্ত নয়, পরিবর্তিত হচ্ছে নাম

র‌্যাব  ছবি: -ফাইল ছবি

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, গুম সংক্রান্ত তদন্ত কমিশন এবং বিভিন্ন রাজনৈতিক দলের বিলুপ্তির সুপারিশের মুখেই বিশেষায়িত বাহিনী র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‍্যাব) নতুন নামে পুনর্গঠন করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি পৃথক আইনের খসড়া তৈরি করেছে।

খসড়া অনুযায়ী, র‍্যাব বিলুপ্ত না করে ‘স্পেশাল রেসপন্স ফোর্স’ (এসআরএফ) অথবা ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের অধীনে একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠন করা হবে। আগে ২০০৩ সালের আর্মড পুলিশ ব্যাটালিয়ন (সংশোধনী) আইনের অধীনে র‍্যাব গঠিত হলেও এবার নতুন আইনের খসড়ায় ৯টি অধ্যায়ে ২৯টি ধারা রাখা হয়েছে। তবে শুধু নাম পরিবর্তন হলেও বাহিনীটির বর্তমান জনবল, অস্ত্র, সরঞ্জাম, স্থাপনা, মামলা ও সার্বিক দায়দেনা নতুন ইউনিটের অধীনেই স্থানান্তরিত হবে।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে র‍্যাবকে পুলিশের পূর্ণ নিয়ন্ত্রণে আনা এবং এর অধিক্ষেত্র কেবল মহানগর এলাকায় সীমাবদ্ধ রাখার বিষয় নিয়ে আলোচনা হয়। খসড়া চূড়ান্ত করতে ২৯ জুলাই সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের সঙ্গে আরও একটি সভা নির্ধারিত রয়েছে।

নতুন খসড়াতেও বর্তমান র‍্যাবের বহুমাত্রিক কাঠামো বহাল রাখা হয়েছে। পুলিশ ছাড়াও সশস্ত্র বাহিনী ও অন্যান্য শৃঙ্খলা বাহিনী থেকে প্রেষণে সদস্য নিয়োগের সুবিধা রাখা হয়েছে। মানবাধিকারকর্মীরা আইনশৃঙ্খলা রক্ষায় বেসামরিক পুলিশের দক্ষতা বাড়ানোর তাগিদ দিয়ে সামরিক বাহিনীর সদস্যদের না রাখার পরামর্শ দিলেও তা খসড়ায় পূর্ণ প্রতিফলিত হয়নি। মানবাধিকারকর্মী মো. নূর খান বলেন, “শুধু নাম বা পোশাক বদলে সংস্কার হবে না। সামরিক বাহিনীর সদস্যদের বেসামরিক আইন প্রয়োগে রাখলে জবাবদিহিতে জটিলতা থেকেই যায়।”

প্রস্তাবিত আইনে নতুন ইউনিটকে ৮ ধরনের দায়িত্বের পাশাপাশি সরাসরি ফৌজদারি অপরাধের পূর্ণাঙ্গ তদন্ত, পরোয়ানা ছাড়া তল্লাশি ও গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হয়েছে। এছাড়া অভ্যন্তরীণ ও সাধারণ নাগরিকদের অভিযোগ নিষ্পত্তিতে একটি বিশেষ কমিটি গঠনের প্রস্তাব রয়েছে। এতে জবাবদিহি ও নিরপেক্ষতা নিয়ে শঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa