https://asia24.tv


বিএসটিআইয়ের অভিযান ছবি: -সংগৃহীত
গুণগত মান সনদ ও ল্যাব পরীক্ষা ছাড়াই পোলট্রি ফিড, ফিশ ফিড ও ব্যাটারি উৎপাদন এবং বাজারজাত করার অপরাধে এসিআই গোদরেজ, আফতাব ফিডসহ ৭টি প্রতিষ্ঠানকে ১৪ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে বিএসটিআই।
রোববার (২৬ জুলাই) নারায়ণগঞ্জ ও রাজধানীর পৃথক তিনটি স্থানে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব জরিমানা আদায় করা হয়।
অভিযানে দেখা যায়, নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রয়োজনীয় বিএসটিআই সনদ না থাকায় এসিআই গোদরেজ অ্যাগ্রোভেট এবং আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেডকে ৪ লাখ টাকা করে জরিমানা করা হয়। একই স্থানে বিএসটিআই সনদ ছাড়া লেড অ্যাসিড স্টার্টার ব্যাটারি তৈরির দায়ে জিউঝো ইন্ডাস্ট্রি লিমিটেডকে জরিমানা করা হয় ২ লাখ টাকা।
অন্যদিকে, রাজধানীর বছিলায় খ্যাতনামা ব্র্যান্ডের নামের সাদৃশ্যে হ্যান্ড ওয়াশ ও লিকুইড টয়লেট ক্লিনার তৈরির অপরাধে আমান কনজ্যুমার ও স্ট্যান্ডার্ড কনজ্যুমারকে মোট সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। হাজারীবাগে মান সনদ ছাড়া মিষ্টি, বিস্কুট ও সেমাই বিক্রির দায়ে ‘মিঠাই’কে ১ লাখ টাকা এবং ‘অপূর্ব-আনন্দ জলখাবার’কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহার, লুৎফুন্নেসা খানম ও মোঃ মাহবুবুল ইসলাম। অভিযানে বিএসটিআইয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের তদারকি জোরদার রাখার ঘোষণা দিয়েছে সংস্থাটি।


