বিএনপির বর্ষীয়ান নেতা, স্থায়ী কমিটির সদস্য ও সাবেক গৃহায়ন মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অবস্থার চরম অবনতি হওয়ায় তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রাজধানীর বসুন্ধরাস্থ এভারকেয়ার হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক ফরিদ হোসেনের তত্ত্বাবধানে তাঁকে এই কৃত্রিম জীবনরক্ষাকারী ব্যবস্থার অধীনে নেওয়া হয়।

রফিকুল ইসলাম মিয়ার একান্ত রাজনৈতিক সচিব মোকসেদুর রহমান আবীর জানান, দীর্ঘদিনের নিউরো জটিলতার পাশাপাশি তার কিডনি বিকল হয়ে পড়েছে এবং রক্তে মারাত্মক ইনফেকশন ধরা পড়েছে। গত ২১ জুলাই হাসপাতালে ভর্তি করার পর তাকে আইসিইউ সুবিধা সংবলিত কেবিনে রাখা হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর থেকে শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। যুক্তরাজ্য থেকে তার বড় ছেলে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে নেওয়ার সিদ্ধান্ত নেন।

৮৫ বছর বয়সি প্রবীণ এই রাজনৈতিক ব্যক্তিত্ব ১৯৯১ ও ১৯৯৬ সালে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং ১৯৯১ সালে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীর দায়িত্ব পালন করেন। রফিকুল ইসলাম মিয়ার দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনায় দেশবাসীর কাছে আকুল দোয়া চেয়েছেন তার পরিবার ও অনুসারীরা।