ইরানে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) লক্ষ্যবস্তুতে হামলা চালাতে দীর্ঘ পাল্লার শক্তিশালী বি-১ বোমারু বিমান ব্যবহার করেছে মার্কিন সামরিক বাহিনী। এই দ্রুতগামী বিমানটি শব্দের চেয়ে দ্রুত চলতে পারে এবং একবারে ২৪টি দুই হাজার পাউন্ডের বোমা বা কয়েক ডজন ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম। যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড্ডয়ন করা এই বিমানের ব্যবহার সংঘাতের ব্যাপক বিস্তারেরই ইঙ্গিত দিচ্ছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) নিশ্চিত করেছে, হরমুজ প্রণালীতে ইরানের হুমকি মোকাবেলায় তাদের অপারেশন সেন্টার, সামরিক অবকাঠামো, ড্রোন মজুত কেন্দ্র ও এয়ারক্রাফট হ্যাঙ্গার লক্ষ্য করে এই অভিযান চালানো হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন, হরমুজ প্রণালীতে আক্রমণ থামানো না হলে তেহরানের সেতু ও বিদ্যুৎ কেন্দ্রে আঘাত হানা হবে। পাল্টা হিসেবে ইরানও মার্কিন মিত্রদের অবকাঠামোতে হামলার হুমকি দিয়েছে।
একই সময়ে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে সৌদি জাহাজে হামলা শুরু করেছে, যা নতুন যুদ্ধক্ষেত্র তৈরি ও আন্তর্জাতিক তেল সরবরাহকে হুমকির মুখে ফেলবে বলে ধারণা করা হচ্ছে। কাতার ও ওমানের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও ট্রাম্প জানিয়েছেন, চুক্তির জন্য ইরান এখনো পুরোপুরি প্রস্তুত নয়। সব মিলিয়ে মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের মতে, আগামী কয়েক দিনের মধ্যে পরিস্থিতি একটি পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিতে পারে।





মন্তব্য করুন