https://asia24.tv


ককরোচ জনতা পার্টি’র সমর্থকদের আয়োজিত বিক্ষোভে পুলিশ এক নারী বিক্ষোভকারীকে আটক করছে। ছবি: রয়টার্স ছবি: -সংগৃহীত
প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষাক্ষেত্রে দুর্নীতির প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ভারতের দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন তীব্রতর হচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে যন্তর মন্তরে চলা এ আন্দোলনে সংহতি জানাতে সারা দেশ থেকে মানুষ আসছে। ২১ জুলাই সংসদ ভবন অভিমুখে মিছিলে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে এবং বহু শিক্ষার্থীকে আটক করে। তবে আটকের ২৪ ঘণ্টার মধ্যেই মুক্তি পেয়ে থানা থেকেই সরাসরি যন্তর মন্তরে ফিরে এসেছেন অনেক বিক্ষোভকারী। সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা জানান, আটক সবাইকে মুক্তি দেওয়া হয়েছে।
মুক্ত পাওয়া শিক্ষার্থীদের সংকল্প এখন আরও দৃঢ়। দিল্লির শিক্ষার্থী সমীর দোরওয়াল ৫ হাজার টাকার বন্ডে জামিনে ছাড়া পাওয়ার পর জানান, বাড়ি ফিরে মা-বাবাকে বুঝিয়ে তিনি আবার আন্দোলনে যোগ দেবেন। সমীরের ভাষায়, ‘শিক্ষাব্যবস্থা পচে গেছে; আমরা না লড়লে কে লড়বে?’ অন্য শিক্ষার্থী সিদ্ধার্থও ভয় কাটিয়ে প্রতিবাদ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সংগ্রামের এই চিত্রে উঠে এসেছেন সাধারণ মানুষও। আলিগড় থেকে আন্দোলনে যোগ দেওয়া সীমা যাদব ও তাঁর দ্বাদশ শ্রেণিতে পড়ুয়া মেয়ে কৃষ্ণা অভিযোগ করেন, পুলিশ তাঁদের মারধর ও চুল ধরে টানাটানি করে আলাদা থানায় নিয়ে যায়। কৃষ্ণা বলে, ‘ভেবেছিলাম পুলিশ সুরক্ষা দেয়, কিন্তু তারা উল্টো নির্যাতন করেছে।’ তবে এত নির্যাতনের পরও মা-মেয়ে ছাড়া পেয়ে আবার যন্তর মন্তরের আন্দোলনমঞ্চে ফিরে এসেছেন।


