https://asia24.tv


ছবি: -প্রতিনিধি
ঢাকার কেরানীগঞ্জের বরইতলা এলাকায় একটি বাড়িতে গ্যাসলাইনের কাজ করার সময় বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। আহতরা হলেন রাকিব (১৪), রাজন (২৫) ও সুমন (২৭)। বর্তমানে তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। চিকিৎসকদের মতে, তিনজনই আশঙ্কামুক্ত।
শনিবার (১১ জুলাই) ভোর ৫টার দিকে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
আহতদের সহকর্মী সজীব জানান, শুক্রবার রাতে বরইতলা এলাকার আরিফ মিয়ার বাসায় গ্যাসলাইনের কাজ করছিলেন তারা। কাজ চলাকালে পাইপলাইনে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে রাকিব, রাজন ও সুমন দগ্ধ হন। পরে সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে যান।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, রাকিবের শরীরের প্রায় ১৭ শতাংশ দগ্ধ হয়েছে। রাজন ও সুমনের দগ্ধের পরিমাণ তুলনামূলক কম। তাদের শরীরে ড্রেসিং চলমান থাকায় দগ্ধের সুনির্দিষ্ট পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে তিনজনের অবস্থাই বর্তমানে স্থিতিশীল এবং তারা আশঙ্কামুক্ত।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহতদের কাছ থেকে ঘটনার প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


