https://asia24.tv


ব্যাংকক থেকে ঢাকায় ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ শুক্রবার দুপুরেছবি: বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজ থেকে ছবি: -সংগৃহীত
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের জোর গুঞ্জনের মধ্যে থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার (২৪ জুলাই) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, রাষ্ট্রপতির বিষয়ে এখনও তাঁর কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।
রাষ্ট্রপতির পদত্যাগের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে স্পিকার বলেন, “রাষ্ট্রপতি দেশের প্রথম ব্যক্তি; তিনি কী করবেন না করবেন তা আমার জানা নেই। বিদেশে থাকায় দেশের সাম্প্রতিক খবরাখবর সংগৃহীত হয়নি। তবে তিনি পদত্যাগ করলে নিয়মানুযায়ী পদত্যাগপত্র স্পিকারের কাছেই জমা দেবেন।”
সাংবিধানিক প্রক্রিয়ার ব্যাখ্যা দিয়ে তিনি আরও যোগ করেন, “সংবিধানের স্পষ্ট নির্দেশনা হলো—রাষ্ট্রপতি পদত্যাগ করলে স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। পরবর্তীতে ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করে।”
চিকিৎসা শেষে নির্ধারিত সময়ের দুই দিন আগেই স্পিকারের দেশে ফেরা বঙ্গভবনের চলমান উত্তাপ এবং পদত্যাগের আলোচনাকে আরও বেগবান করেছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সসহ একাধিক সূত্রে খবর ছড়িয়েছে যে, রাষ্ট্রপতি ইতোমধ্যেই কর্মকর্তা ও সংশ্লিষ্ট মহলে তাঁর বিদায়ের ইঙ্গিত দিয়েছেন এবং আজ-কালের মধ্যেই আনুষ্ঠানিক পদত্যাগ নিশ্চিত হতে পারে।
২০২৩ সালের এপ্রিলে পাঁচ বছরের জন্য দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করা ৭৫ বছর বয়সি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য বিদায়কে কেন্দ্র করে রাজনীতিতে এখন চরম কৌতূহল বিরাজ করছে।


