দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রযাত্রা ত্বরান্বিত করতে বিদেশে অবস্থানরত বাংলাদেশি মেধাবীদের দেশে ফিরিয়ে এনে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর হোটেল ওয়েস্টিনের গ্র্যান্ড বলরুমে আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকার ‘ক্রিয়েটিভ ইকোনমি’ বা সৃজনশীল অর্থনীতি নামে একটি প্রকল্প হাতে নিচ্ছে। এর মাধ্যমে শিল্প ও সংস্কৃতিকে অর্থমূল্যে রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে। দেশের শিল্পীরা ছবি আঁকলেও অনেক সময় তাদের কাজের ন্যায্য মূল্য পান না। ফলে শিল্প-সংস্কৃতি অর্থনীতিতে কাঙ্ক্ষিত মাত্রায় অবদান রাখতে পারছে না।
একজন অর্থনীতিবিদ ও নীতিনির্ধারক হিসেবে শিল্পকলা, ভাস্কর্য, কারুশিল্প, থিয়েটার, সংগীত, সাহিত্য ও চলচ্চিত্রকে কীভাবে অর্থনৈতিকভাবে লাভজনক ও টেকসই করা যায়, তা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
শিল্পকর্মের যথাযথ মূল্যায়ন ও মানসম্মত প্রকাশনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশে শিল্পসমালোচক তৈরি করতে হবে এবং শিল্পকর্মের নিলাম চালুর উদ্যোগ নিতে হবে। ঢাকায় একটি ভালো থিয়েটার চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।
সৃজনশীল অর্থনীতির বিকাশে যুক্তরাষ্ট্রসহ এ খাতে সফল দেশগুলোর সহযোগিতা প্রয়োজন বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি শরিফ জহির। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের জনসংযোগ পরিচালক স্কট হার্টম্যান উপস্থিত ছিলেন।





মন্তব্য করুন