কিশোরগঞ্জের ভৈরবে শিয়াল, বেওয়ারিশ কুকুর ও বিড়ালের কামড়ে শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আকস্মিক এসব হামলার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার গজারিয়া ইউনিয়নের বাঁশগাড়ি এলাকায় শিয়ালের এবং পৌর শহরে কুকুর ও বিড়ালের কামড়ে আহত হন তারা। পরে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। এদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার মহাখালী সংক্রমণ ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার গজারিয়া ইউনিয়নের বাঁশগাড়ি এলাকাসহ কয়েকটি এলাকা থেকে শিয়াল, কুকুর ও বিড়ালের কামড়ে আহত ১০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে রুহান মিয়া ও ইয়াছিন নামের দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার মহাখালী সংক্রমণ ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে।
শিয়ালের কামড়ে আহত বাঁশগাড়ি এলাকার আপন মিয়া বলেন, ‘সন্ধ্যায় হঠাৎ আমাদের বাড়িতে একটি শিয়াল ঢুকে প্রথমে আমার মাকে আক্রমণ করে। আমি বাধা দিতে গেলে আমাকে আক্রমণ করে আহত করে। আমার সঙ্গে থাকা আরও বেশ কয়েকজনকে আহত করেছে। পরে স্থানীয়রা তাড়া করলে শিয়ালটি দৌড়ে পালিয়ে যায়।’
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শাহরিয়ার আহমেদ বলেন, রাতে আহত ১০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে দুজনকে মহাখালী সংক্রমণ ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে।





মন্তব্য করুন