কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে চট্টগ্রামে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় পরিচালিত এই সাঁড়াশি অভিযানে বিভিন্ন অভিযোগে মোট ৭৬৯ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩২১ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৫৮ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) চট্টগ্রাম রেঞ্জ কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।
প্রকাশিত তথ্যে বলা হয়, গ্রেফতার ৭৬৯ জনের মধ্যে নিয়মিত মামলায় ৮১, আগের মামলায় ৯০, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৩৮, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় চার এবং ১৫১ ধারা ও অন্যান্য আইনে ২৭ জন রয়েছেন। এ ছাড়া পরোয়ানাভুক্ত ১১২ জন ও সাজা পরোয়ানাভুক্ত ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
মাদক মামলায় গ্রেফতার করা হয়েছে ৭৭ জনকে, যাদের সবাই মাদকসেবী। নিয়মিত ও অন্যান্য মামলায় মাদক কারবারি হিসেবে গ্রেফতার হয়েছেন আরও ৩৭ জন। পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেফতার করা হয়েছে ১১৪ জনকে।
মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪৩ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। জরিমানা আদায় করা হয়েছে ১২ হাজার ৮০০ টাকা। এ সময় ২৯টি মাদক মামলা করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৫ হাজার ৫৪৯ পিস ইয়াবা, ২৩ কেজি ৪৭০ গ্রাম গাঁজা ও ১৬২ লিটার চোলাই মদ।
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৫৮ সদস্যের মধ্যে চট্টগ্রামে ১৩, কক্সবাজারে তিন, কুমিল্লায় ২৬, চাঁদপুরে দুই, নোয়াখালীতে তিন, ফেনীতে তিন, লক্ষ্মীপুরে পাঁচ ও খাগড়াছড়িতে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩২১ জনের মধ্যে ১৬৯ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ১৫২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলাভিত্তিক হিসাবে কুমিল্লায় ১৫৭, চট্টগ্রামে ৩৭, নোয়াখালীতে ২৮, লক্ষ্মীপুরে ২৮, কক্সবাজারে ২৩, ব্রাহ্মণবাড়িয়ায় ২০, রাঙামাটিতে সাত, খাগড়াছড়িতে সাত, চাঁদপুরে পাঁচ, ফেনীতে পাঁচ এবং বান্দরবানে চারজনকে আটক করা হয়েছে।
জনস্বার্থে এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।





মন্তব্য করুন