চট্টগ্রাম নগরের বাকলিয়ায় মাদককারবারি হিসেবে পরিচিত ‘জেকি’কে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে এলাকায় মাদক কারবারের আধিপত্য বিস্তার এবং অল্পবয়সী ছেলেদের নিয়ে কিশোর গ্যাং গড়ে তোলার অভিযোগ রয়েছে।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরের নয়া মসজিদ এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে মাদক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, তুলাতলী, ময়দার মিল ও মিয়াখান নগরসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহের অভিযোগ রয়েছে জেকির বিরুদ্ধে। এলাকায় প্রভাব বিস্তার করতে অল্পবয়সী ছেলেদের নিয়ে গ্যাং গড়ে তোলেন তিনি। এসব কিশোরকে ব্যবহার করে ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপকর্ম চালানোর অভিযোগও রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, জেকির কর্মকাণ্ডে এলাকার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছিল। মাদক কারবার ও কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে। তাকে আটকের ঘটনায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা সজিব বলেন, জেকি ছেলেটা আতঙ্কের ছিল। বিভিন্ন রিকশার গ্যারেজে মাদক বিক্রি করত। তার গ্যাং রয়েছে। সবাই ভয়ে চুপচাপ থাকত। মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে তাকে আটক করায় ওসিকে ধন্যবাদ জানাই। এলাকায় আরও বড় বড় মাদক কারবারি রয়েছে, তাদেরও গ্রেফতারের দাবি জানাই আমরা।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, জেকি নামে একজনকে মাদকসহ আটক করা হয়েছে। অন্য কোনো অপরাধে জড়িত আছেন কি না, এ বিষয়ে যাচাই-বাছাই করা হচ্ছে। আইনের মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





মন্তব্য করুন