রাজধানীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।
তিনি জানান, তাকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ চলছে। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
জানা যায়, সুইডেন আসলাম থাই এয়ারওয়েজে করে থাইল্যান্ড যাওয়ার জন্য বিমানবন্দরে আসেন। এরপর তিনি ইমিগ্রেশনে আসলে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে ডিবিতে হস্তান্তর করা হয়।
এর আগে ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম।
সুইডেন আসলাম ঢাকার নবাবগঞ্জ থানার ছাতিয়ার এলাকার শেখ জিন্নাত আলীর ছেলে। তার বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা রয়েছে।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ২০১৪ সাল থেকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে রয়েছেন সুইডেন আসলাম।
এর আগে তিনি ২০০৫ সালের ৩১ জানুয়ারি গ্রেফতারের পর বিভিন্ন কারাগারে অবস্থান করেন।





মন্তব্য করুন