ফরিদপুর জেনারেল হাসপাতালে নানা ধরনের অনিয়ম ও অব্যবস্থাপনার প্রাথমিক প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। হাসপাতালটির চিকিৎসা সেবা, ব্যবস্থাপনা ও বিভিন্ন খাতে অসংগতির অভিযোগের পরিপ্রেক্ষিতে পরিচালিত অভিযানে এসব তথ্য উঠে এসেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

রোববার (২২ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ফরিদপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন দুদকের সহকারী পরিচালক মোস্তাফিজের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল। এ অভিযান দুই-তিন দিন পর্যন্ত চলবে বলে দুদক সূত্রে জানা গেছে।

অভিযানকালে প্রাথমিকভাবে সরকার নির্ধারিত টিকিটের মূল্য দ্বিগুণ, রোগীদের সরবরাহ করা নিম্নমানের খাবার ও উপকরণের পরিমাণ কম, চিকিৎসকের অনুপস্থিতি, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সংরক্ষণে অব্যবস্থাপনা, অস্বাস্থ্যকর পরিবেশ ও নানা অনিয়মের সত্যতা পেয়েছে দুদক।

এসব অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

দুদক সূত্রে জানা যায়, অভিযানকালে টিকিট কাউন্টারে একাধিক সেবাপ্রত্যাশীর সঙ্গে কথা বলে ৫ টাকার টিকিট ১০ টাকায় বিক্রির বিষয়টি হাতেনাতে ধরেন তারা। একইসঙ্গে ক্যাশ কাউন্টারে বিক্রি করা টিকিটের সংখ্যা থেকে কয়েকগুণ বেশি টাকা থাকারও সত্যতা পাওয়া যায়। পাশাপাশি নির্ধারিত চিকিৎসকদের অনুপস্থিতি এবং হাসপাতালে অপরিচ্ছন্ন পরিবেশের চিত্র দেখা যায়।

দুদকের অভিযানের সময় রোগীদের নিম্নমানের খাবার সরবরাহ করা হয় বলে জানা গেছে। ২০২৬-২৭ অর্থবছরে রোগীদের খাবার সরবরাহের দায়িত্ব পায় ফরিদপুরের নাহার এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সেখানে ভর্তি হওয়া প্রতি রোগীর জন্য ১৭৫ টাকা বরাদ্দ রয়েছে। এর মধ্যে প্রতি কেজি চালের মূল্য ৯৫ টাকা নির্ধারণ করা থাকলেও অভিযানকালে নিম্নমানের চালের রান্না করা ভাত পাওয়া যায়, যেখানে পোকার অস্তিত্ব রয়েছে। ওই চালের প্রতি কেজির আনুমানিক মূল্য ৫০ থেকে ৬০ টাকা হবে বলে দুদকের ধারণা।

এ ছাড়া অভিযানকালে রান্না করা পাঙাশ মাছের তরকারি দেখতে পান তারা। বরাদ্দের তালিকা অনুযায়ী, প্রতি রোগীর জন্য ২০২ গ্রাম (প্রতি পিস) নির্ধারিত থাকলেও অভিযানকালে ওজন মাপার যন্ত্রে দুই পিসের ওজন দাঁড়ায় ৮০ থেকে ১২০ গ্রাম।

দুদক জানায়, হাসপাতালটির মহিলা ওয়ার্ডের পাশের বারান্দায় বিপুল পরিমাণ স্যালাইন রাখা হয়েছে। সেখানে কুকুরের দল ছোট ছোট বাচ্চাসহ বাসা বেঁধেছে। এমনকি কুকুরগুলো স্যালাইনের প্যাকেট টেনেহিঁচড়ে ছিঁড়ে ফেলেছে।

এসব তথ্য নিশ্চিত করে দুদকের সহকারী পরিচালক মোস্তাফিজ সাংবাদিকদের বলেন, হাসপাতালের নানাবিধ অভিযোগের ভিত্তিতে এ অভিযানে প্রাথমিকভাবে বিভিন্ন অনিয়মের সত্যতা পেয়েছি। এগুলো রেকর্ড বিশ্লেষণ করে প্রধান কার্যালয়ে পাঠানো হবে এবং পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া আমাদের অভিযান অব্যাহত রয়েছে এবং ওষুধ ক্রয় ও মজুদকৃত ওষুধ নিয়ে গুরুত্বসহকারে দেখা হবে।

অভিযানকালে হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ও পণ্য তালিকা প্রণয়ন কমিটির সদস্য আব্দুর রাজ্জাক এবং আবাসিক মেডিকেল কর্মকর্তা ও পণ্য তালিকা প্রণয়ন কমিটির সদস্য সচিব গণেশ কুমার আগারওয়াল উপস্থিত ছিলেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বক্তব্য জানা সম্ভব হয়নি।

অভিযানের বিষয়ে জানতে চাইলে হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক আব্দুর রাজ্জাক বলেন, দুদক আমাদের কাছে তালিকা দিলে আমরা বুঝতে পারব আসলে কোথায় কোথায় সমস্যা রয়েছে। তার দাবি, ১০০ শয্যার হাসপাতালে প্রতিদিন প্রায় ২০০ রোগী ভর্তি থাকায় খাবারের ঘাটতি দেখা দিয়েছে। এ ছাড়া খাবারের পরিমাণ ও নিম্নমানের হওয়ার বিষয়ে আমরা ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে ব্যাখ্যা চাইব যে কেন এমনটা হয়েছে।