শিল্প খাতে যেকোনো ধরনের অস্থিরতা ও দুর্বৃত্তায়ন রুখতে মালিক ও শ্রমিকসহ সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী । তিনি বলেছেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা অপরিহার্য। মালিক-শ্রমিকসহ সবাই সজাগ থাকলে কোনো অপশক্তি বা দুর্বৃত্তায়ন শিল্প খাতের ক্ষতি করতে পারবে না।

রবিবার (২২ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে কর্মপরিবেশে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা (ওএসএইচ) বিষয়ক এক সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

আরিফুল হক চৌধুরী বলেন, নেক্সট ইয়ারে দেখতে চাই, শ্রমিক-মালিকদের মধ্যে একটা গুড ফ্যামিলি বন্ডিংয়ের জন্য। আশ করবো, এই মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের দীর্ঘদিনের যে প্রত্যাশা, আমাদের শিল্পের মালিকদের যে প্রত্যাশা, বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা— সেটা পূরণ করবেন।

তিনি বলেন, এই শ্রমিকদের কল্যাণের স্বার্থে প্রধানমন্ত্রী তারেক রহমান ছয়টি মেডিক্যাল হাসপাতাল করার জন্য, ১০০ বেডের হাসপাতাল করার জন্য, আমাদের নির্দেশ দিয়েছেন। ইতোমধ্যে একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে আমাদের সেই জমিগুলো দেখার কার্যক্রম শুরু হয়েছে। আমরা খুব অল্প সময়ের মধ্যেই এই হাসপাতালের কার্যক্রমটা শুরু করবো। বর্তমান সরকার শ্রমিকবান্ধব সরকার। আমরা আশা করি, শ্রমিক ও মালিক মিলে আমরা এ দেশের শিল্পের একটা আমূল পরিবর্তন করবো।