পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় চত্বরে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ ও মিলনায়তনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে দুইটার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা কার্যালয়ের নবনির্মিত অডিটোরিয়ামের ভেতরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামারা তাসবিহা।
ইউএনও জানান, বুধবার দিবাগত রাত দেড়টা থেকে পৌনে দুইটার দিকে নব নির্মিত অডিটোরিয়ামের পেছন দিকের জানালার কাচ ভেঙে দুর্বৃত্তরা অডিটোরিয়ামের ভেতরে ঢুকে ককটেল বিস্ফোরণ ঘটায়। এর ফলে অডিটোরিয়ামের ভেতরে আগুন ধরে যায়। এঘটনায় ভেতরে থাকা দুটি চেয়ার পুড়ে গেছে ও এসি ক্ষতিগ্রস্ত হয়েছে।
সিসিটিভি ফুটেজের বরাত দিয়ে ইউএনও বলেন, তিনজন মুখ বেধে অডিটোরিয়ামে প্রবেশ করে। পরে তারা বিস্ফোরণ ঘটায়। আইনশৃঙ্খলা বাহিনী ফুটেজ সংগ্রহ করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সঞ্জয় কুমার সাহা বলেন, পুলিশ ঘটনাসস্থল পরিদর্শন করেছে। অডিটোরিয়ামের ভেতরে একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এবিষয়ে উপজেলা প্রশাসন থেকে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।





মন্তব্য করুন