সোনার গয়নার লোভে নিজের মাকে নৃশংসভাবে হত্যা করে মরদেহ বস্তাবন্দি করার অভিযোগে ঘাতক ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মতিফুল বেগম নামে এক নারীকে হত্যার ঘটনায় মাদকাসক্ত ছেলেসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার রামকান্তপুর গ্রামে এই ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে পৌঁছে মায়ের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মতিফুল বেগম ওই গ্রামের ছরোয়ার হোসেনের স্ত্রী।

গ্রেফতাররা হলেন- নিহতের মাদকাসক্ত ছেলে আশরাফ আলী (২০), তার সহযোগী একই গ্রামের ময়ান প্রামাণিকের ছেলে আব্দুর রাহিম (২২) ও স্থানীয় স্বর্ণকার আব্দুল জলিল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মায়ের গলায় থাকা স্বর্ণের একটি ধান তাবিজ ও কানের দুলের লোভে মাদকাসক্ত ছেলে আশরাফ আলী তার মাকে হত্যার পরিকল্পনা করেন। সেই পরিকল্পনা অনুযায়ী আব্দুর রাহিমের সহযোগিতায় মায়ের গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। আর এই নৃশংস হত্যাকাণ্ডের পর মরদেহ গুম করার উদ্দেশ্যে বস্তায়বন্দি করেন তারা। পরে থানা পুলিশ অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার ও ছেলেসহ তিনজনকে গ্রেফতার করে।

উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন শেখ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, এ ঘটনায় জড়িত মাদকাসক্ত ছেলে ও তার এক সহযোগী ছাড়াও একজন স্বর্ণকারকে গ্রেফতার করা হয়েছে। সেইসঙ্গে ২ লাখ ২০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকারও উদ্ধার করেছেন তারা। রাতেই মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।