বিশ্বে কার্বন নিঃসরণে বা জলবায়ু সংকটের জন্য বাংলাদেশের দায় অত্যন্ত নগণ্য হলেও এর নেতিবাচক প্রভাব ও ক্ষতির শিকার হচ্ছে দেশ। অথচ এই সংকট মোকাবিলা এবং পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তরের খরচ মেটাতে গিয়ে বৈদেশিক ঋণের জালে জড়িয়ে পড়তে হচ্ছে বাংলাদেশকে। এই বাস্তবতা তুলে ধরে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে ঋণের পরিবর্তে সম্পূর্ণভাবে অনুদানভিত্তিক অর্থায়নের জোরালো দাবি জানিয়েছে বাংলাদেশ।  ২০০০ সাল থেকে দেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে মোট বিনিয়োগের ৯০ দশমিক ৪ শতাংশ এসেছে ঋণের মাধ্যমে। এতে জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলার পাশাপাশি নতুন ঋণের বোঝাও বাড়ছে।

এ পরিস্থিতি থেকে বের হতে জলবায়ু অর্থায়নে ঋণের পরিবর্তে অনুদান বাড়ানোর আহ্বান জানিয়েছে নাগরিক সমাজের দুটি সংগঠন চেঞ্জ ইনিশিয়েটিভ ও ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা)। একই সঙ্গে জলবায়ু অর্থায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছে তারা।

তুরস্কের আনাতোলিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১ এর দ্বিতীয় দিনে মঙ্গলবার (১০ নভেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

‘ব্রেকিং দ্য ক্লাইমেট ডেট ট্র্যাপ: ফাইন্যান্সিং নেচার-স্মার্ট এনার্জি সভরেন্টি’ শীর্ষক এই সংবাদ সম্মেলনে বাংলাদেশের জ্বালানি খাতে ঋণনির্ভর অর্থায়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে চেঞ্জ ইনিশিয়েটিভের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এম জাকির হোসেন খান বলেন, জলবায়ু ঋণ ঝুঁকি সূচকের আওতাভুক্ত ৫৫টি দেশ ২০২৩ সালে ঋণ পরিশোধে ব্যয় করেছে ৪৭ দশমিক ১৭ বিলিয়ন ডলার। অথচ ২০০২ থেকে ২০২৩ সাল পর্যন্ত ২২ বছরে এসব দেশের জন্য নথিভুক্ত জলবায়ু অর্থায়নের পরিমাণ ছিল ৩৩ দশমিক ৭৪ বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের ঋণ পরিশোধের পরিমাণ ২২ বছরের নথিভুক্ত জলবায়ু অর্থায়নের চেয়েও বেশি।

সূচকে নথিভুক্ত জলবায়ু ঋণের ৭৪ দশমিক ৩ শতাংশ পেয়েছে আটটি দেশ। দেশগুলো হলো বাংলাদেশ, কাবো ভার্দে, কম্বোডিয়া, মিয়ানমার, পাকিস্তান, ফিলিপাইন, সেনেগাল ও শ্রীলঙ্কা। প্রতিটি দেশই অনুদানের তুলনায় বেশি অর্থ পেয়েছে ঋণ হিসেবে।

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি ও প্রকৃত অর্থ ছাড়ের মধ্যেও বড় ব্যবধান রয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, উন্নত দেশগুলোর জলবায়ু অর্থায়ন ২০২২ সালের ১১৫ দশমিক ৯ বিলিয়ন ডলার থেকে বেড়ে ২০২৪ সালে ১৩৬ দশমিক ৭ বিলিয়ন ডলারে দাঁড়ায়। দুই বছরে অর্থায়ন বাড়লেও অতিরিক্ত ২০ দশমিক ৮ বিলিয়ন ডলারের মধ্যে অভিযোজন খাতে গেছে মাত্র ২ দশমিক ৩ বিলিয়ন ডলার।

এ ছাড়া অভিযোজন খাতে প্রতিশ্রুত অর্থের ৬৬ দশমিক ১ শতাংশ বা ৩২ দশমিক ৪৩ বিলিয়ন ডলার ছাড়ের কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানায় সংগঠন দুটি।

চেঞ্জ ইনিশিয়েটিভের গবেষণা সমন্বয়ক মোফাজ্জল হোসেন বলেন, বাংলাদেশের জ্বালানি খাতে জলবায়ু অর্থায়নের পরিমাণ ২ দশমিক ৫৪ বিলিয়ন ডলার। এর মধ্যে ৮৮ কোটি ডলার ব্যয় হয়েছে কয়লা ও গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে। মাতারবাড়ী ও ভেড়ামারা প্রকল্পও এ অর্থায়নের আওতায় রয়েছে।

তার দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমান অর্থায়নব্যবস্থা অব্যাহত থাকলে ২০৪০ সাল নাগাদ নবায়নযোগ্য জ্বালানি খাতে মাথাপিছু ঋণের পরিমাণ দাঁড়াতে পারে ১০৫ ডলার। অথচ সব খাত মিলিয়ে বর্তমানে বাংলাদেশের মাথাপিছু জলবায়ু ঋণের পরিমাণ প্রায় ৮০ ডলার।

এ পরিস্থিতি পরিবর্তনে ‘রিনিউয়েবল এনার্জি সভরেন্টি ফ্যাসিলিটি’ নামে একটি জাতীয় তহবিল গঠনের প্রস্তাব দিয়েছে চেঞ্জ ইনিশিয়েটিভ। অনুদান, ঋণের নিশ্চয়তা এবং সীমিত সরকারি ঋণের সমন্বয়ে এ তহবিল গঠনের কথা বলা হয়েছে।

সংগঠনটির হিসাব অনুযায়ী, প্রস্তাবিত তহবিলের মাধ্যমে ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত নবায়নযোগ্য জ্বালানি খাতে ৭ দশমিক ৬৯ বিলিয়ন ডলার বিনিয়োগ করা সম্ভব। এতে নতুন সরকারি ঋণের পরিমাণ ৪ দশমিক ৬ বিলিয়ন ডলার থেকে কমে ৮০০ মিলিয়ন ডলারে নামতে পারে। একই সঙ্গে ২০৪০ সাল নাগাদ নবায়নযোগ্য জ্বালানি খাতে মাথাপিছু ঋণ ২৪ ডলারে নামিয়ে আনা সম্ভব, যা প্রচলিত ব্যবস্থার তুলনায় ৭৭ শতাংশ কম।

মোফাজ্জল হোসেন বলেন, অর্থের অভাব নয়, বরং অর্থায়নের পদ্ধতিই বড় সমস্যা। উন্নয়ন ব্যাংক সরকারকে ঋণ দেয়, সরকার রাষ্ট্রীয় সংস্থাগুলোকে ঋণ দেয় এবং এসব সংস্থা আবার পরিবার ও বিনিয়োগকারীদের ঋণ দেয়। এভাবে ঋণের একটি চক্র তৈরি হচ্ছে। নবায়নযোগ্য জ্বালানির উন্নয়ন যেন নতুন করে সরকারি ঋণের বোঝা না বাড়ায়।

সংবাদ সম্মেলনে এম জাকির হোসেন খান ২০২৭ সাল থেকে অভিযোজন খাতে অনুদানের প্রাথমিক পরিমাণ ও বার্ষিক লক্ষ্যমাত্রা নির্ধারণের জন্য কপ৩১ এর অংশগ্রহণকারী দেশগুলোর প্রতি আহ্বান জানান। তিনি জলবায়ু অর্থায়নের হিসাব প্রকাশের সময় ঋণ ও অনুদান আলাদাভাবে দেখানো এবং জীবাশ্ম জ্বালানিভিত্তিক প্রকল্পকে জলবায়ু অর্থায়নের আওতার বাইরে রাখার দাবি জানান।

তিনি বলেন, ‘স্বল্পোন্নত দেশগুলোকে জলবায়ু ঝুঁকির কারণে একবার এবং অন্যায্য ঋণের বোঝার কারণে দ্বিতীয়বার ক্ষতিগ্রস্ত হওয়া চলবে না। বাস্তুতন্ত্র ও মানুষের জীবন রক্ষায় জলবায়ু অর্থায়ন অনুদান হিসেবে দিতে হবে।’

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সচিবালয়ের জলবায়ুবিষয়ক প্রধান ব্রাইস বোমার বলেন, জলবায়ু অর্থায়নে স্বচ্ছতার অভাব দুর্নীতির সুযোগ তৈরি করে। অর্থ যাতে প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছায়, সে জন্য জনসম্পৃক্ততা ও স্থানীয় পর্যায়ে নজরদারি বাড়ানো প্রয়োজন।

ইপসার কেএম৪ডি বিভাগের পরিচালক এবং ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক সাউথ এশিয়ার বাংলাদেশ শাখার প্রধান মোহাম্মদ শাহজাহান বলেন, উন্নত দেশগুলোকে জলবায়ু দায়বদ্ধতাকে ঋণে রূপান্তর করা বন্ধ করতে হবে। উন্নয়ন সহায়তা ও ঋণকে নতুন করে জলবায়ু প্রতিশ্রুতি হিসেবে উপস্থাপন না করে নতুন, অতিরিক্ত, পূর্বানুমানযোগ্য ও অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করতে হবে।

ইউনাইটেড বিয়ন্ড বর্ডার্সের প্রধান নির্বাহী ও প্রতিষ্ঠাতা রোয়া বলেন, উন্নয়নশীল দেশগুলোর তরুণেরা স্থানীয় জনগোষ্ঠীর প্রকল্প বাস্তবায়নে আরও বেশি অনুদানভিত্তিক অর্থায়ন চান। ঐতিহাসিক নিঃসরণের জন্য উন্নত দেশগুলোর দায়বদ্ধতাও নিশ্চিত করতে হবে।

ইপসার প্রধান নির্বাহী মোহাম্মদ আরিফুর রহমান জলবায়ু অর্থায়নের নামে কীভাবে জাতীয় ঋণের বোঝা বাড়ছে, তা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোকে শর্তহীন অনুদান হিসেবে জলবায়ু অর্থায়ন দেওয়া নিশ্চিত করতে গণমাধ্যমের চাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বৈশ্বিক দক্ষিণের দেশগুলোতে বেসরকারি খাতের ভূমিকা নিয়ে এক প্রশ্নের জবাবে জাকির হোসেন খান বলেন, প্রযুক্তি ও উৎপাদন খাতে বেসরকারি বিনিয়োগ গুরুত্বপূর্ণ। তবে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অভিযোজন খাতের অর্থায়ন মুনাফানির্ভর বাজারব্যবস্থার ওপর ছেড়ে দেওয়া উচিত নয়।