ঢাকার সাভার ও ধামরাই উপজেলায় পার্কিং করে রাখা দুটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ উঠেছে। হঠাৎ ঘটে যাওয়া এই আকস্মিক অগ্নিকাণ্ডে বাস দুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের তৎপরতায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 

শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাতে এসব ঘটনা ঘটে।

রোববার (৮ নভেম্বর) সকালে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম ও ধামরাই ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আল-আমিন খান এ তথ্য নিশ্চিত করেন।

সাভার ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার থানা বাসস্ট্যান্ড এলাকায় পার্কিংয়ে থাকা সাভার পরিবহনের একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ৩টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম ঢাকা পোস্টকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে। এ ঘটনায় প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

অন্যদিকে, শনিবার দিবাগত ভোররাত ৩টা ৪০ মিনিটের দিকে ধামরাইয়ের শরীফবাগ এলাকায় আফাজ উদ্দিন কলেজের সামনে ডি-লিংক পরিবহনের একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ভোর ৪টা ২০ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

ধামরাই ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আল-আমিন খান ঢাকা পোস্টকে জানান, বাসটি মূলত নবীনগর থেকে স্নোটেক্স গার্মেন্টসের কর্মীদের আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হতো। রাতে বাসটি পার্কিংয়ে রাখা ছিল। সেখানেই আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে।

এর আগে, গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাতে ধামরাই থানা রোডে মেরামতাধীন পাভেল পরিবহনের একটি বাসে আগুন লাগে। পরদিন শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় পল্লী সেবা পরিবহনের আরেকটি বাসে আগুনের ঘটনা ঘটে। এ নিয়ে টানা তিন রাতে ধামরাই উপজেলায় তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।