চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করেছেন শিক্ষার্থীরা। ফলে সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে নিজ কার্যালয়ে প্রায় ২০ ঘণ্টা অবরুদ্ধ আছেন বর্তমান উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম।
প্রতিবেদন লেখার সময় রাত ৩টা পর্যন্ত শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করছিলেন। ভেতরে উপাচার্যের পাশাপাশি চুয়েট শাখা ছাত্রদলের সভাপতি ওয়াসিফ রাশেদ ও তাঁর সহযোগীদেরসহ প্রায় ১০-১১ জন অবরুদ্ধ রয়েছেন।
সোমবার রাত দেড়টার দিকে ভবনের ভেতরে থাকা প্রকৌশলী শাহরিয়ার নামের একজন উচ্চ রক্তচাপের জটিলতায় অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসাকেন্দ্রের চিকিৎসক এসে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। তবে উপাচার্য শেখ শরীফুল আলম জানিয়েছেন, তিনি নিজে শারীরিকভাবে সুস্থ আছেন। দীর্ঘ সময় অবরুদ্ধ থাকার কারণে সবাই ক্লান্তি ও শারীরিক অস্বস্তি অনুভব করছেন।
শিক্ষার্থীদের অভিযোগ, সোমবার সকাল নয়টার দিকে উপাচার্য চুয়েট শাখা ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে প্রশাসনিক ভবনের তালা ভেঙে নিজ কার্যালয়ে প্রবেশ করেন। শিক্ষার্থীরা তাঁকে দুপুর ১২টার মধ্যে ভবন ত্যাগের সময়সীমা দেন। নির্ধারিত সময়ে বের না হওয়ায় সাড়ে ১২টার দিকে মূল ফটকে পুনরায় তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা। পরে সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে তারা বর্তমান উপাচার্যের পদত্যাগের দাবি জানান।
সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণের প্রতিবাদ ও তাঁকে পুনর্বহালের দাবিতে ২২ সেপ্টেম্বর থেকে সর্বাত্মক ‘শাটডাউন’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। একই দাবিতে কর্মবিরতি চালাচ্ছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও। ফলে গত প্রায় তিন সপ্তাহ ধরে চুয়েটের সব ধরনের ক্লাস, পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।





মন্তব্য করুন