ইউরোপে পৌঁছানোর ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রায় আবারও এক ভয়াবহ মর্মান্তিক ঘটনার সাক্ষী হলো বিশ্ব। ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকাডুবির ঘটনায় অন্তত ১০৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

পূর্ব আফ্রিকার দেশ জিবুতির উপকূলে নৌকা উল্টে তাদের মৃত্যু হয়েছে। যারমধ্যে ১৫ শিশুও আছে। এছাড়া নিখোঁজ আছেন আরও ১১৬ জন। জাতিসংঘের অভিবাসন সংস্থা আজ রোববার (১১ অক্টোবর) এ তথ্য জানিয়েছে। মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে গত বৃহস্পতিবার ও শুক্রবার রাতের মাঝামাঝি সময়ে।

বিবৃতিতে সংস্থাটি বলেছে, বেঁচে ফেরা প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, জিবুতির পূর্ব উপকূলের গুহেরের কাছে নৌকাটি উল্টে যায়। যেখানে ঘটনাটি ঘটে সেখানে এডেন উপসাগর এবং বাব এল মান্দেব প্রণালির অবস্থান।

নৌকাটি জিবুতি থেকে ইয়েমেনে যাচ্ছিল। এতে প্রায় ৩০০ জন যাত্রী ছিলেন। ভয়াবহ এ দুর্ঘটনায় ৮০ জন বেঁচে গেছেন। তাদের সবাই ইথিওপিয়ার নাগরিক।

হরমুজ প্রণালি আফ্রিকা ও মধ্যপ্রাচ্যকে ভাগ করেছে। এই প্রণালির সবচেয়ে সরু অংশটি ইয়েমেন ও জিবুতির মাঝে অবস্থিত। ফলে এখান দিয়ে নৌকায় ঠাসাঠাসি করে আফ্রিকানরা মধ্যপ্রাচ্যে যাওয়ার চেষ্টা করেন। এরপর সেখানে কাজের খোঁজ করেন তারা।

ইয়েমেনের হুথি বিদ্রোহী ও দেশটির সরকারি বাহিনীর মধ্যে লড়াই শুরু হওয়ার পর অনেক মানুষ ইয়েমেন থেকে পালিয়ে জিবুতিতে চলে গেছেন।

সূত্র: আলজাজিরা