কৃষকদের হয়রানি ও সারের কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা রুখতে দেশজুড়ে প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার চাকতাই এলাকায় নিবন্ধন ছাড়া অবৈধভাবে সার মজুদ এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অপরাধে দুই প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে
এ সময় এক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৫০ মিনিট পর্যন্ত গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসন, চট্টগ্রামের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নিবন্ধন ছাড়াই সার সংরক্ষণ ও বিপণনের অপরাধে ফারাহ এন্টারপ্রাইজকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোহাম্মদ ফারুককে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ সময় ফারাহ এন্টারপ্রাইজের ছয়টি গোডাউন থেকে টিএসপি ১ হাজার বস্তা ও ডিএপি ৫০০ বস্তা সার জব্দ করা হয়।
এছাড়া একই অপরাধে শাহ আলম সওদাগর এন্টারপ্রাইজকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির দুটি গোডাউন থেকে এমওপি ১০০ বস্তা ও ডিএপি ৩০০ বস্তা সার জব্দ করা হয়েছে।
অভিযানে মোট ১ হাজার ৯০০ বস্তা সার জব্দ করা হয়। জব্দ করা সার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগরের জিম্মায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাকিব উল আলম। এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগরের কৃষি কর্মকর্তা রোজিনা আক্তার এবং বাকলিয়া থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।





মন্তব্য করুন