রাজধানীর চানখাঁরপুল এলাকার একটি ছাত্র মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অনিক চন্দ্র পালের (২০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বংশাল থানাধীন বি কে গাঙ্গুলী লেনের মেস থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। অনিকের বাড়ি সিলেট জেলার শিবপুর এলাকায়।
মেসের অন্যান্য বাসিন্দারা জানান, গত সোমবার থেকে অনিকের সাড়াশব্দ না পেয়ে ও তাঁর ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের মনে সন্দেহের সৃষ্টি হয়। মঙ্গলবার রাতে সহপাঠীরা কক্ষের দরজায় একাধিকবার কড়া নেড়েও কোনো সাড়া পাননি। একপর্যায়ে জানালার কাচ ভেঙে কক্ষের ভেতর ফ্যানের সঙ্গে গামছা দিয়ে অনিককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। সহপাঠীরা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সহপাঠী সূত্রে জানা যায়, মৃত্যুর দুই দিন আগে প্রেমিকার সঙ্গে অনিকের বিচ্ছেদ ঘটে। এরপর থেকেই তাঁর মোবাইল ফোন ভাঙা ও বন্ধ ছিল। বিচ্ছেদের পর থেকে অনিক চরম মানসিক হতাশায় ভুগছিলেন বলে জানান সহপাঠীরা। প্রেমঘটিত বিচ্ছেদের জের ধরেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়ে থাকতে পারেন বলে ধারণা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ঘটনার খবর পেয়ে হাসপাতালে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক সুবাস পাল। তিনি জানান, অনিকের পরিবারকে ঘটনাটি অবহিত করা হয়েছে এবং স্বজনেরা এসে পৌঁছালে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বংশাল থানা-পুলিশের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে।





মন্তব্য করুন